এসএমই বস্ত্রশিল্পের জন্য পাঁচ শতাংশ হারে রপ্তানি-সহায়তা
অর্থ মন্ত্রণালয় দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের কিছু সংশোধনী এনেছে। সংশোধনী অনুযায়ী, পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে ৫ শতাংশ পর্যন্ত বাজারসহায়তা দেওয়া হবে, শর্তসাপেক্ষে ক্ষুদ্র ও মাঝারি বস্ত্রশিল্পে (এসএমই) ৫ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান করা হবে এবং রপ্তানি উন্নয়ন তহবিলে (ইডিএফ) সুদহার কমবে।গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ নিয়ে পোশাকশিল্পের মালিকেরা বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করলে ৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্সের সভায় এসব সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী, সার্কুলার জারি করা হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়া অন্য যেকোনো বাজারে যেকোনো পণ্য এবং যেকোনো বাজারে বিটিএমএ মিল উৎপাদিত প্রত্যক্ষ সুতা রপ্তানি আয়ের প্রথম বছর (২০০৯-১০ অর্থবছর) ৫ শতাংশ, দ্বিতীয় বছর (২০১০-১১) ৪ শতাংশ এবং তৃতীয় বছর (২০১১-১২) ২ শতাংশ হারে সুবিধা নগদ সুবিধা হিসেবে গণ্য হবে না। বরং এ সুবিধা নতুন বাজার সম্প্রসারণ সুবিধা হিসেবে গণ্য হবে। তবে এই সুবিধা পেতে দেশীয় সুতা বা কাপড় ব্যবহার অথবা ডিউটি ড্র-ব্যাক বা বন্ডেড ওয়্যারহাউস সুবিধা একসঙ্গে গ্রহণ করা যাবে না। অর্থাৎ যাঁরা বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ড্র-ব্যাক সুবিধা পান, তাঁরা এ সহায়তা পাবেন না। এ ছাড়া এই সুবিধা এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর দেওয়া হবে।সার্কুলার অনুযাযী, যেসব ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) বস্ত্রশিল্প ২০০৮-০৯ অর্থবছরে ৩৫ লাখ ডলার পর্যন্ত রপ্তানি করেছে, তাদের জন্য ২০০৯-১০ অর্থবছরে ৫ শতাংশ হারে নগদ সহায়তা সুবিধা অব্যাহত থাকবে। তবে এ ক্ষেত্রে চারটি শর্তের কথা বলা হয়েছে সার্কুলারে। যেমন, বন্ডেড ওয়্যারহাউস বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণ না করার বিষয়টি বহাল থাকবে, দেশীয় সুতা বা কাপড় ব্যবহার করতে হবে, কোনো বড় বস্ত্রশিল্প প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান হবে না এবং এফওবি মূল্যের পরিবর্তে মূল্য সংযোজনের ওপর নগদ সহায়তা দেওয়া হবে।সবশেষে সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে একক ঋণগ্রহীতার ঋণের পরিমাণ ১৫ লাখ ডলার থেকে উন্নীত করে তিনটি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ এক কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ১৫ লাখ ডলার পর্যন্ত ঋণের সুদহার হবে লাইবর (লন্ডন ইন্টারব্যাংক অফারড রেট)+১ শতাংশ এবং এর বেশি হলে সুদের হার হবে লাইবর+২ দশমিক ৫ শতাংশ। এই সুবিধা চলতি অর্থবছর পর্যন্ত বহাল থাকবে এবং যেসব প্রতিষ্ঠান ঋণ পুনঃতফসিল করেছে, তারাও এই সুবিধা পাবে। উল্লেখ্য, বিশ্বমন্দা মোকাবিলার জন্য সরকার গত বছরের ১৯ এপ্রিল তিন হাজার ৪২৪ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। পোশাক খাতকে প্রাধান্য দিয়ে ওই বছরের নভেম্বর মাসে আরেকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এই প্যাকেজের বাস্তবায়নেই কিছু সংশোধন করা হলো।