এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতার উদ্বোধন
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনী ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা খুঁজে বের করতে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ‘এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১২’ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী তাঁর বক্তৃতায় বলেন, এসএমই খাত এখন বিশ্ব অর্থনীতির মূল চালিকাশক্তি। চীন, জাপান ও ইউরোপের অর্থনীতির বেশির ভাগই চলছে এসএমইর মাধ্যমে।বিশেষ অতিথি ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, দেশে ৬০ লাখ এসএমই রয়েছে। এর ৭৫ শতাংশই গ্রামে। তাঁর মতে, সরকার ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে বছরে অন্তত এক হাজার ২৫০টি এসএমই গড়ে তুলতে হবে।অনুষ্ঠানের সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির বলেন, চূড়ান্তভাবে বিজয়ী তিনজনকে ব্যবসায়িক ভিত্তি তৈরি করে দিতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে যেন ব্যবসা শুরু করার মূলধন তাঁরা সহজে পান। তা ছাড়া প্রথম ১০ জনের ব্যবসায়িক ভিত্তি গড়ে দিতেও কাজ চলছে।অনুষ্ঠানে জানানো হয়, আগ্রহী উদ্যোক্তারা ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে (www.smef.org.bd) প্রতিযোগিতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। বাংলালিংকের সহযোগিতায় প্রতিযোগিতাটির আয়োজন করা হচ্ছে।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক জি এম চৌধুরী, বাংলালিংকের বিপণন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সুলায়মান আলম, ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও কর্মসূচি ব্যবস্থাপক সোনিয়া হোসেন বক্তব্য দেন।