এসএমইর জন্য নিয়মিত অর্থায়ন মেলার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা এবং ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দূরত্ব কমানোর জন্য নিয়মিত ভিত্তিতে অর্থায়ন মেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।গতকাল বুধবার ঢাকায় আয়োজিত ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য বিকল্প অর্থায়ন’ শীর্ষক এক সেমিনারে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম এ বিষয়টিতে জোর দেন। খবর ইউএনবির।এ সময় আসিফ ইব্রাহীম আরও বলেন, এ মেলার মাধ্যমে উদ্যোক্তা ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতুবন্ধ তৈরি হবে। উদ্যোক্তারা বাজারে প্রচলিত ব্যাংকগুলোর এসএমই প্রকল্প সম্পর্কে ধারণা পাবেন। তা ছাড়া এ মেলা এসএমই খাতে নতুন ও সৃজনশীল পণ্য এবং উৎপাদনমুখী প্রকল্প গ্রহণে সহায়তা করবে।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সিয়াফ ভেঞ্চারস ম্যানেজমেন্ট এলএলসি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সেমিনারে আরও বক্তব্য রাখেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রাশেদ মাকসুদ খান, ঊর্ধ্বতন সহসভাপতি টি আই এম নূরুল কবীর, ডিসিসিআই পরিচালক খাইরুল মজিদ মাহমুদ, কে এম এন মনজুরুল হক, এম আবু হোরায়রা, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি এম এস সেকিল চৌধুরী, আশরাফ ইবনে নূর প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক অন্য সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে দেশব্যাপী এমএমই খাতের উন্নয়নে বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার এমএমই ফাউন্ডেশনের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে এসএমইদের উন্নয়নের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করছে। গভর্নর জানান, এসএমইদের দ্রুত ও জবাবদিহিমূলক সেবা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক অনলাইনের মাধ্যমে সিআইসি কার্যক্রম শুরু করেছে।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিল্পায়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে এসএমই শিল্প মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। তিনি প্রতিযোগিতামূলক দামে গুণগত দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার জন্য এসএমইদের প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি অন্যান্য সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রকল্পে এসএমইদের ঋণ সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। সিয়াফ ভেঞ্চারস ম্যানেজমেন্টের অংশীদার জিয়া আহমেদ বলেন, বাংলাদেশের এসএমই, বিশেষ করে মাঝারি উদ্যোক্তাদের বিকাশে তাঁরা কাজ করতে আগ্রহী। সেমিনারে সিয়াফ ভেঞ্চারস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার ফাহিম আহমেদ তথ্যচিত্র উপস্থাপন করেন। তিনি বলেন, সেসব মাঝারি উদ্যোক্তা দেশের গতানুগতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা পেতে ব্যর্থ হয়, সিয়াফ বাংলাদেশ ভেঞ্চারস তাদের অর্থায়ন করতে আগ্রহী।