এসএমইর বার্ষিক ৪৯ লাখ টাকা পর্যন্ত লেনদেনকে করমুক্ত করার সুপারিশ
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্রতিষ্ঠানগুলোর বার্ষিক লেনদেনের ৪৯ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করেছে এসএমই ফাউন্ডেশন।বর্তমানে বার্ষিক লেনদেনের ২৪ লাখ টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা ভোগ করছে এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব করেছে এসএমই ফাউন্ডেশন। গতকাল রোববার সকালে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবিরের নেতৃত্বে ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করে।আলোচনায় এসএমই ফাউন্ডেশন বিদ্যমান শুল্ক স্তর ও আয়কর হার অপরিবর্তিত রাখার সুপারিশ করে।এ ছাড়া পণ্য আমদানিতে অসত্য মূল্য ঘোষণা ও ডাম্পিং প্রতিরোধে ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে অনুরোধ করেছে এসএমই ফাউন্ডেশন।শুধু তাই নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের সহায়তাদানকারী এই ফাউন্ডেশন কাঁচামাল জাতীয় পণ্যের শুল্ক বাড়ানো কিংবা ভোগ্যপণ্যের শুল্ক কমানোর আগে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের সঙ্গে গণশুনানি করার প্রস্তাব করেছে।আগামী অর্থবছরের (২০১২-১৩) বাজেট যেন শিল্পবান্ধব হয় সে জন্য এসএমই খাতভিত্তিক বাজেট প্রস্তাব তৈরি করে এসএমই ফাউন্ডেশন। প্রস্তাবটি মূলত এসএমই খাতের শিল্পগুলোর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও করকেন্দ্রিক।এসএমই ফাউন্ডেশনের প্রস্তাবে বলা হয়, বর্তমান যুগ প্লাস্টিক ও বেজ মেটাল থেকে উৎপাদিত পণ্যের যুগ। বাংলাদেশে এই শিল্পের সম্ভাবনা রয়েছে। এই দুই খাতের মৌলিক কাঁচামালগুলোর শুল্ক কর কমানো উচিত। বাজেট তৈরিতে আমদানির চেয়ে উৎপাদনকে বেশি গুরুত্ব দিতে হবে। যেসব পণ্য আমদানিতে মূসক ও সম্পূরক শুল্ক মওকুফ আছে, সেগুলো দেশে উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই মূসক ও সম্পূরক শুল্ক মওকুফ থাকা নিশ্চিত করতে হবে।ফাউন্ডেশন বলছে, বাজেটের জন্য সুপারিশ মানে শুধুই শুল্ক মওকুফ বা কমানের প্রস্তাব নয়, বরং এটা যথাযথ শুল্ক হার বিন্যাসেরও সুপারিশ।