এসএমইর হিসাব প্রতিবেদনের মান উন্নয়ন করার তাগিদ
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করছে। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার পাশাপাশি অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার স্বার্থে এসএমই শিল্প খাতের হিসাব প্রতিবেদনের মান উন্নয়নের তাগিদ দিয়েছেন পেশাদার হিসাববিদ ও বিশেষজ্ঞরা। গতকাল বুধবার দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘এসএমই খাতের জন্য আন্তর্জাতিক হিসাব প্রতিবেদন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে আইসিএবি সভাপতি পারভীন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান বিশেষ অতিথি ছিলেন। সেমিনার পরিচালনা করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সহসভাপতি মো. শাহাদত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বর্তমান সরকার জাতীয় শিল্পনীতি ২০১০ প্রণয়নকালে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে (এসএমই) বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ সাধারণ মানুষের দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নে এ খাত বড় ধরনের অবদান রাখতে পারে। এসএমই খাতের উন্নয়নে সরকার সহায়তাকারীর ভূমিকা পালন করছে বলে তিনি জানান। মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই এসএমই খাতের হিসাব প্রতিবেদনের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা প্রয়োজন। এমএসই খাতে হিসাব প্রতিবেদনের মানোন্নয়নে শিল্প মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে বলে তিনি জানান। এ বি এম খোরশেদ আলম বলেন, দেশের এসএমই খাতের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বিএসটিআই ও বিটাক সহায়তা করে যাচ্ছে। জাপান সরকারও বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে সহায়তা করতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন। খোরশেদ আলম আরও বলেন, শিল্পনীতি, বাংলাদেশ ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরো আলাদা আলাদাভাবে এসএমইর সংজ্ঞা দিয়েছে। এ খাতের উন্নয়নের স্বার্থে একক সংজ্ঞা থাকা দরকার।মুরশিদ কুলী খান বলেন, এসএমই খাত দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। এ বিষয়টি বিবেচনা করেই ব্যাংকগুলো এসএমই খাতে ঋণের পরিমাণ বাড়াচ্ছে। বর্তমান মোট বিতরণ করা ঋণের মধ্যে এসএমই খাতেই প্রায় ২০ শতাংশ ঋণ রয়েছে।স্বাগত বক্তব্যে পারভীন মাহমুদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাত বড় ধরনের ভূমিকা পালন করছে। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যেই হিসাব প্রতিবেদনের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। মূল প্রবন্ধ উপস্থাপনকালে মো. শাহাদত হোসেন বলেন, ব্যাংকের আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থেই বৃহত্তর স্বার্থে এবং একই সঙ্গে ব্যাংকিং খাতের শৃঙ্খলা বজায় রাখার জন্যই এসএমই খাতের হিসাবের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা প্রয়োজন।