এসডিজি অর্জনে পাঁচ চ্যালেঞ্জ: সিপিডি
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাংলাদেশের সামনে এখন পাঁচটি চ্যালেঞ্জ। এগুলো হলো, বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিকে জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা, সকলের অংশগ্রহণ ও জবাবদিহিতা, সম্পদের প্রাপ্যতা, বস্তুনিষ্ঠ পরিসংখ্যান ও তদারকি এবং কাঠামোগত কৌশল ও বাস্তবায়ন।
আজ সোমবার সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এসডিজি বাস্তবায়নে এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরে। মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এসডিজি পর্যালোচনা তুলে ধরেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
সিপিডি মনে করে, সহস্রাব্দের উন্নয়ল লক্ষ্যের (এমডিজি) পরবর্তী কর্মসূচি হিসেবে এসডিজিতে কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসডিজিতে অঙ্গীকারবদ্ধ ১৯৩ টি দেশের জন্য অভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠায় আলাদা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অদ্ভুত এক সময় পার করছে পৃথিবী। সময়োপযোগী ও উচ্চাভিলাষী বৈশ্বিক কর্মসূচি নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি এমন নয়। তাঁর মতে, পৃথিবী যখন সবচেয়ে কম প্রস্তুত, তখন এমন বড় কর্মসূচি নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক ইচ্ছা নিয়েই এটা বাস্তবায়ন করতে হবে। আগামী ১৫ বছর বাংলাদেশকে এমন উন্নয়ন ও সামাজিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
এসডিজি বাস্তবায়নের পুরো বিষয়টি তদারকির জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠনের সুপারিশ করেছে সিপিডি। সিপিডি মনে করে, যেহেতু এসডিজি বাস্তবায়নে অর্থায়নের কোনো প্রতিশ্রুতি দেয়নি উন্নত দেশগুলো তাই অভ্যন্তরীণ সম্পদ আহরণের দিকে বেশি মনোযোগী হতে হবে।