এসডিজি অর্জনে বৈষম্য দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য হ্রাসে সন্তোষজনক অগ্রগতি হলেও দেশে এখন প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করা। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বৈষম্য দূরীকরণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এসডিজি অর্জনে বেসরকারি সংস্থাগুলোকে গতানুগতিক কর্মসূচির বাইরে নতুন উদ্ভাবনী ও সৃজনশীল ধারণা নিয়ে অগ্রসর হতে হবে। এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ দরকার।
গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘উন্নয়ন কর্মকাণ্ডকে ফলপ্রসূ করার জন্য সমন্বয়’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। এনজিওবিষয়ক ব্যুরো ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক যৌথভাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে। মহাখালী ব্র্যাক সেন্টার মিলনায়তনে এ কর্মশালা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বেসরকারি সংস্থার একজন আঞ্চলিক ব্যবস্থাপক স্বাধীনভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় তা পারা যায় না। এ জন্য বেসরকারি সংস্থার সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উপায়ে কাজ করতে হবে। কেননা সবার লক্ষ্য দারিদ্র্য বিমোচন।
এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক আসাদুল ইসলাম বলেন, বেসরকারি সংস্থাগুলোকে এখন শুধু নারী উন্নয়ন, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষার মতো গতানুগতিক কর্মসূচি নিয়ে কাজ করলে হবে না। বরং সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদ্ভাবনী ও সৃজনশীল ধারণা নিয়ে অগ্রসর হতে হবে।
কর্মশালার একটি অধিবেশনে ‘৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল বায়েস। তিনি বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে বলেন, কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন হয়নি। তবে প্রতিটি পরিকল্পনায় আগের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে। তিনি আরও বলেন, ‘নির্মম বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে বসবাসরত ৭০০ কোটি মানুষের মধ্যে ৩৫০ কোটি মানুষের যে সম্পদ আছে, সেই পরিমাণ সম্পদ মাত্র ১০০ জনের হাতেই আছে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ করার তাগিদ দেন।
অনুষ্ঠানে ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ৩৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশ নেন। এতে বক্তব্য দেন উপজেলা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক মো. হেলালউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাসুদ রানা ও ব্র্যাকের ডোনার লিয়াজোঁ কর্মকর্তা অ্যান্ড্রু জেনকিন্স।