
স্থানীয় সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো কাজ করতে পারলে জাতিসংঘের অনুমোদিত টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) লক্ষ্য অর্জনের পথ সুগম হবে। এ ছাড়া এসডিজি অর্জনে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে সামাজিক সম্প্রীতি।
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল বৃহস্পতিবার ব্র্যাক ও দ্য হাঙ্গার প্রজেক্টের যৌথ আয়োজনে এসডিজি নিয়ে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এমন অভিমত উঠে এসেছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান বৈঠকে সভাপতি ছিলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা (মেম্বার) এ সময় উপস্থিত ছিলেন।
এসডিজি অর্জনে সামাজিক পুঁজি না রাজনৈতিক পুঁজি—এ দুয়ের মধ্যে কোনটিতে গুরুত্ব দিতে হবে, সেই আলোচনাও উঠে এসেছে বৈঠকে।
রেহমান সোবহান বলেন, ‘সব দেশেই স্থানীয় সরকার আছে। অনেক দেশ ভালো করছে। অনেকে পারছেও না। আমাদের দেশে ব্রিটিশ আমল থেকেই ইউনিয়ন বোর্ড ছিল। জায়গায় জায়গায় ভালোও করেছে তারা।’
বিশিষ্ট এই অর্থনীতিবিদ আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্থানীয় সরকারের কাজ করাতেন ‘পঞ্চায়েত রাজ’ দিয়ে। তাঁদের বলা যেতে পারে তখনকার কমিউনিস্ট পার্টির ক্যাডার। ৩৫ বছর ক্ষমতায় থাকলেন জ্যোতি বসু। শেষ পর্যন্ত কী হলো?
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকারকে কাজে লাগাতে হলে আইনি পরিবর্তন ও বিধি সংশোধন করতে হবে।
সামাজিক পুঁজি ও রাজনৈতিক পুঁজির কথা বললেও কেউ অর্থনৈতিক পুঁজির কথা বলেননি কেন, সেই প্রশ্ন রাখেন দেবপ্রিয়। তিনি বলেন, এটা ঠিক যে মানুষকে উজ্জীবিত করতে পারলে কাজ হয়।
বাংলাদেশের সংবিধান সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকারকে, বিশেষ করে জনগণের দোরগোড়ায় থাকা ইউনিয়ন পরিষদকে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ হওয়ার পর স্থানীয় সরকারব্যবস্থাও শক্তিশালী হয়েছে।
প্রবন্ধে এসব কথা উল্লেখ করে বলা হয়, ২০১৪ সালে ব্র্যাক ও হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে চার জেলার ১৪ উপজেলার ৬১টি ইউনিয়নে যৌথভাবে কাজ করে। এর উদ্দেশ্য ছিল, ইউনিয়ন পরিষদের সামর্থ্য কাজে লাগিয়ে ও জনগণকে সংগঠিত করার মধ্য দিয়ে একটি সমন্বিত কমিউনিটি চালিত উন্নয়ন কর্মসূচি পরিচালনা করা, যা বর্তমানে ‘এসডিজি ইউনিয়ন স্ট্র্যাটেজি’ নামে পরিচিত।
হাজার হাজার বছর ধরে বাংলাদেশের মানুষ ভয়াবহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে আসছে উল্লেখ করে প্রবন্ধে আরও বলা হয়, এর মূলে রয়েছে সামাজিক সম্প্রীতি। ধর্মীয় ও রাজনৈতিক বিভাজন সত্ত্বেও বাংলাদেশের মানুষ দুর্যোগ মোকাবিলা করতে পেরেছে সামাজিক সম্প্রীতির কারণে। সহস্রাব্দ উন্নয়ন অভীষ্টের (এমডিজি) সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অর্জন সম্ভব হয়েছে, তার পেছনেও কাজ করেছে এ সম্প্রীতি।
বাগেরহাট জেলার ফকিরহাটের ইউনিয়ন চেয়ারম্যান খান শামীম জামান দেড় কিলোমিটার রাস্তার দুপাশে আমগাছ লাগানোর উদাহরণ দিয়ে বলেন, গ্রামের লোকেরাই চারাগাছের যত্ন নিচ্ছেন। সুনামগঞ্জের দিরাইয়ের ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার দাস এলাকার লোকদের মত নিয়ে নিরপেক্ষভাবে ভিজিএফ কার্ড দেওয়ার কথা জানান।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, সামাজিক পুঁজি আগে থেকেই ছিল। তা না হলে দেশে এত স্কুল-কলেজ হতো না।
হোটেলে রেখে, দক্ষিণা দিয়ে প্রশিক্ষণের নামে গ্রাম থেকে ঢাকায় লোক আনার সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, ‘এগুলো হচ্ছে মূলত ব্যাগট্যাগ, চিকেন লেগ।’
তবে বৈঠকে উপস্থিত কয়েকজন চেয়ারম্যান ও সদস্য তোফায়েল আহমেদের এমন মন্তব্যের সমালোচনা করেন এবং জানান, প্রশিক্ষণ নিয়ে তাঁরা উপকৃত হয়েছেন।