এসডিজি নিয়ে আরও বিশ্লেষণ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি নিয়ে গবেষণা করছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান। এসডিজি নিয়ে বাংলাদেশ সামনের দিনগুলোতে কীভাবে এগোবে, মূলত তা নিয়েই কথা বলেছেন তিনি
ড. রুশিদান ইসলাম রহমান
ড. রুশিদান ইসলাম রহমান

প্রথম আলো: টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি নিয়ে বাংলাদেশ আসলে কতটা উৎসাহী?
রুশিদান ইসলাম রহমান: এসডিজি বিষয়ে শুরু থেকেই বাংলাদেশ বেশ উৎসাহী। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো এসব লক্ষ্যমাত্রা প্রণয়নে সুপারিশ রেখেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলোতে বাংলাদেশের সাফল্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন—এই দুই ধরনের লক্ষ্যে দ্রুততর অগ্রগতির প্রত্যাশা করতে পারে। তাই এসডিজি গ্রহণের আগে থেকেই এ বিষয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
প্রথম আলো: বাংলাদেশ কীভাবে এগোতে পারে, পদক্ষেপগুলো কী হবে?
রুশিদান ইসলাম: দেশে যে উৎসাহ দেখা যাচ্ছে, তা শুরু থেকে সঠিক পথে পরিচালিত করতে পারলে সাফল্য অর্জন সহজতর হবে। সেই উদ্দেশ্যে প্রথমেই প্রয়োজন প্রতিটি লক্ষ্য ও তার মধ্যে সুনির্দিষ্টকৃত লক্ষ্যমাত্রাগুলো ভালোভাবে বিশ্লেষণ করা, সর্বস্তরে এগুলো আলোচনা করা। এসব কর্মকাণ্ডের সঙ্গে সব ধরনের জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এটা বিশেষভাবে মনে রাখতে হবে এসডিজি কিন্তু স্বল্পোন্নত, উন্নয়নশীল এমনকি উচ্চ আয়ের দেশের জন্যও প্রযোজ্য। কাজেই পরবর্তী ধাপে কাজ হবে এগুলো বিশ্লেষণ করে বাংলাদেশের জন্য এ লক্ষ্যমাত্রাগুলোকে সুনির্দিষ্ট করা। অর্থাৎ এসডিজিকে ‘বাংলাদেশের এসডিজিতে রূপান্তরিত’ করা।
প্রথম আলো: দু-একটি উদাহরণ কি দেওয়া যায়?
রুশিদান ইসলাম: যেমন, ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণ—এটাকে আমাদের খাদ্যাভ্যাস, বিভিন্ন ধরনের ও মানের খাদ্যের প্রাপ্যতা অনুযায়ী কী কী পথে অপুষ্টি দূর করা যাবে, কোন মেয়াদে কতটুকু অগ্রসর হতে হবে, তা স্থির করা যেতে পারে। আরও একটি বিষয় লক্ষ করা যেতে পারে যে অনেক লক্ষ্যই ২০২০ বা ২০৩০-এর জন্য ধার্য করা হয়েছে। কাজেই প্রতিটি লক্ষ্যমাত্রার জন্য বাংলাদেশের ক্ষেত্রে একটি সম্ভবপর সময়সূচি বা অগ্রযাত্রার হার নির্ধারণ করা উচিত হবে। সেটা হয়তো অন্যান্য দেশের তুলনায় পৃথক হবে, যদিও শেষ সময়টিতে গিয়ে অর্জন একধরনের হতে পারে। সময়সূচি বা অগ্রযাত্রার হারে ভিন্নতা ছাড়াও নানা শ্রেণি, বিভিন্ন সামাজিক অবস্থানের মানুষের জন্য এসব লক্ষ্যমাত্রা ও বাস্তবায়ন পদ্ধতি ভিন্ন হবে। মূল লক্ষ্য এক হলেও তার আসল অর্থ ও প্রযোজ্যতা বিভিন্ন দেশের জন্য আলাদা হবে, ভিত্তি বছরে এসব ক্ষেত্রে অবস্থানের ভিন্নতা অনুযায়ী। এই বিষয়টির উদাহরণ হিসেবে কর্মসংস্থান-বিষয়ক লক্ষ্যমাত্রাটির উল্লেখ করা যেতে পারে।
প্রথম আলো: কর্মসংস্থানের ক্ষেত্রে দেশ ও শ্রেণি অনুযায়ী পার্থক্য কীভাবে হবে?
রুশিদান ইসলাম: এটি পুরোপুরি বোঝাতে হলে কর্মসংস্থানের ভেতরের (লক্ষ্য ৮) সবগুলো পৃথক লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আসতে হয়। তাতে আলোচনা দীর্ঘ হয়ে যাবে, কাজেই শুধু একটি উদাহরণ দিই। এই লক্ষ্যটির বিবরণে শুরুতেই বলা হয়েছে, ‘সবার জন্য উৎপাদনশীল এবং পূর্ণ কর্মসংস্থান’ নিশ্চিত করতে হবে। এখানে তিনটি বিষয় রয়েছে, ‘সবার জন্য’ বলতে কী বোঝায়; ‘উৎপাদনশীল কাজ’ কোনগুলো এবং ‘পূর্ণ কর্মসংস্থান’-এর সংজ্ঞা কী। এগুলো আমাদের দেশের শ্রমবাজারের পরিস্থিতি অনুধাবন করে সেই অনুযায়ী সুস্পষ্ট করতে হবে। সেটি করতে হবে বিস্তারিত ও গভীরতর বিশ্লেষণের ভিত্তিতে।
প্রথম আলো: বাংলাদেশ তো এলডিসি, এ ক্ষেত্রে কি লক্ষ্যগুলো আলাদা?
রুশিদান ইসলাম: এই প্রশ্নটির উত্তরে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। লক্ষ্য ৯-এর বিষয়টি ধরা যাক। লক্ষ্যটি শিল্প, ভৌত অবকাঠামো এবং উদ্ভাবন বিষয়ে; তবে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলোতে জোর দেওয়া হয়েছে। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়নের কথা এবং কঠিন পরিস্থিতিতে পুনর্বিন্যস্ত হওয়ার মতো অবকাঠামোর প্রয়োজনীয়তাকে এই লক্ষ্যতে জোর দেওয়া হয়েছে।
এই লক্ষ্যটির ৯-১০টি আলাদা মাত্রা রয়েছে। তার তিনটিতে এলডিসির জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে। যেমন, আইসিটির বিষয়ে এলডিসিগুলোতে সবার জন্য স্বল্প ব্যয়ে ইন্টারনেটে সংযুক্তি ২০২০ সালের মধ্যে নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই প্রসঙ্গটি হয়তো শিল্পোন্নত দেশের জন্য একই ভাষাতে এই সময়ের মেয়াদে প্রযোজ্য নয়।
প্রথম আলো: প্রবৃদ্ধি ও কর্মসংস্থানকে একত্রে সন্নিবেশিত কেন করা হলো?
রুশিদান ইসলাম: এটা করা যথেষ্ট যুক্তিসংগত। কারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে এই দুয়ের পারস্পরিক সম্পর্ক কিন্তু ধনী, মধ্যম ও নিম্ন আয়ের দেশের জন্য ভিন্ন। এই ভিন্নতা এসেছে বেকারত্বের হার ও ধরনের ক্ষেত্রে এসব দেশের ভিন্নতা থেকে। একটু সরলীকৃত হলেও বিষয়টি এভাবে বলা যায় যে, বাংলাদেশের মতো দেশে অব্যবহৃত শ্রমশক্তি রয়েছে। তার সুষ্ঠু ব্যবহার করে প্রবৃদ্ধি দ্রুততর করা যাবে, যেটা অনেক ধনী দেশে সম্ভব নয়।
প্রথম আলো: আমরা নতুন একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা করলাম। এর সঙ্গে কি এসডিজিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে?
রুশিদান ইসলাম: এই প্রশ্নের উত্তর শুরু করা উচিত একটি সতর্কবাণী দিয়ে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে তাড়াহুড়ো করা উচিত হবে না। এসডিজিতে যা আছে, তা একটি সর্বব্যপ্ত বিষয়। এগুলোকে একাধিক ক্ষেত্রের নীতিনির্ধারণী দলিলে রূপান্তরিত করার জন্য আরও ব্যাপক বিশ্লেষণ এবং পর্যালোচনা প্রয়োজন হবে। এখানে শুধু সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়টি নিয়ে কাজ করাটাই যথেষ্ট নয়। বাংলাদেশের আরও কিছু নীতিমালা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সঙ্গে জড়িত। সেগুলোকে সেই বিশেষ এসডিজি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। যেমন জাতীয় যুব উন্নয়ন নীতিমালা, নারী উন্নয়ন নীতিমালা, জাতীয় স্বাস্থ্য নীতিমালা ইত্যাদি। আর এসডিজি অর্জন একটি দীর্ঘমেয়াদি বিষয়, যা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে শুধু শুরু হতে পারবে। তবে মূল আদর্শগত দিক দিয়ে বিরোধ না থাকলেই হয়, সেটা নিশ্চিত করা হবে এবং তা ক্রমিকভাবেই চলতে থাকবে।
সদ্য প্রণীত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে এসডিজির সঙ্গে সামঞ্জস্য বিশেষভাবে উল্লেখ করা আছে (পৃ. ৩০)। প্রকৃতপক্ষে, পূর্বে প্রণীত অন্যান্য নীতিমালাতেও অধিকাংশ ক্ষেত্রে এসডিজির বিভিন্ন লক্ষ্যের প্রতিফলন রয়েছে। তবে কিছু কিছু লক্ষ্যমাত্রা নতুন ধরনের, সেগুলোর ক্ষেত্রে জাতীয় নীতিসংক্রান্ত দলিলগুলোতে সংযোজন ও পদক্ষেপ গ্রহণের প্রয়োজন আছে।
প্রথম আলো: কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব বা অগ্রাধিকার দিতে হবে বলে মনে করছেন?
রুশিদান ইসলাম: দুটি পথের সমন্বয় ঘটাতে হবে। এক, এমডিজিতে যেসব ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে, আর দ্বিতীয় যেসব ক্ষেত্রে কম হয়েছে—এই দুয়ের মধ্যে এসডিজির ক্ষেত্রে একটি সমন্বিত পথ তৈরি করতে হবে। এই প্রশ্নের উত্তরে লক্ষ্যগুলোকে একটির পর একটি অগ্রাধিকার অনুযায়ী সাজানোটা ভালো পথ মনে হয় না। বরং দুই ধরনের লক্ষ্য চিহ্নিত করাটা উচিত হবে—প্রবৃদ্ধি, ও টেকসই সামাজিক উন্নয়ন—এবং দুই ট্র্যাকেই প্রতি দু-তিন বছরের জন্য কয়েকটি লক্ষ্যমাত্রাকে অগ্রাধিকার হিসেবে বেছে নিতে হবে।
সাক্ষাৎকারটি নিয়েছেন: শওকত হোসেন