এসডিজি বাস্তবায়ন গবেষণায় নেতৃত্ব দেবে সিপিডি
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন গবেষণায় নেতৃত্ব দেবে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। গত রোববার সিপিডির বোর্ড অব ট্রাস্টির সভায় এ কথা বলা হয়। সিপিডি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সভায় চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডি পরিচালিত গবেষণা ও সংলাপসহ অন্যান্য কার্যক্রমের পর্যালোচনা করা হয়। এ ছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় গবেষণা, সংলাপ, প্রকাশনা কার্যক্রম পরিকল্পনা অনুমোদিত হয়।
সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম সাইদুজ্জামান, সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব হোসেন, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।