এসিসিএ বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউনট্যান্টস (এসিসিএ) ২৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যালয় চালু করবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এসিসিএ বাংলাদেশের প্রধান (কান্ট্রি ম্যানেজার) মহুয়া রশিদ। বার্তা সংস্থা ইউএনবি এ খবর পরিবেশন করেছে।এতে আরও জানানো হয়, এসিসিএ বাংলাদেশ কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। আরও উপস্থিত থাকবেন এসিসিএ নির্বাহী পরিচালক (মার্কেটস) লুরি গিলোও এবং এসিসিএ যুক্তরাজ্যের নির্বাহী পরিচালক পিটার অ্যাসটন। সংবাদ সম্মেলনে মহুয়া রশিদ জানান, সিসিএ হিসাবরক্ষণ পেশার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পেশাগত ডিগ্রি। বর্তমানে সারা বিশ্বে এই সংস্থাটির এক লাখ ৩১ হাজার ৫০০ সদস্য এবং তিন লাখ ৬২ হাজার ছাত্রছাত্রী আছে। এ ছাড়া সারা বিশ্বে বর্তমানে ৪২টি কার্যালয় রয়েছে।মহুয়া রশিদ আরও জানান, যে কেউ এ-লেভেল সম্পন্ন করার পর সাড়ে তিন বছর মেয়াদি এই কোর্সে ভর্তি হতে পারবে। এই ডিগ্রিধারীর জন্য কর্মক্ষেত্রের সুযোগ অনেক বেড়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, এসিসিএ যুক্তরাজ্যভিত্তিক সংস্থা যা হিসাবরক্ষক পেশাজীবীদের একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত।