
এসিসিএ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও বিভিন্ন কাজের সুযোগ করে দেবে বৃহত্তম মোবাইল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। আজ রোববার এসিসিএ ও রবির মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছে।
এসিসিএ বাংলাদেশের কান্ট্রি প্রধান মহুয়া রশীদ এবং রবি আজিয়াটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই সমঝোতা চুক্তির আওতায় প্রতিভাবান কর্মকর্তাদের চাকরির জন্য আকর্ষণ করতে এবং তা বজায় রাখতে রবিকে সহায়তা দেবে এসিসিএ। এ ছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজ নিজ ব্যবসায় এবং আর্থিক প্রসার ও প্রচারের জন্য কাজ করবে।
এসিসিএ বাংলাদেশের কান্ট্রি প্রধান মহুয়া রশীদ বলেন, ‘দ্বিপক্ষীয় এই চুক্তি এসিসিএর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে রবির সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এর ফলে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে।’
রবি আজিয়াটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘বাংলাদেশে অন্যতম প্রধান চাকরিদাতা হিসেবে আমরা দেশের আর্থিক পেশাজীবীদের উন্নয়নে বদ্ধপরিকর। এসিসিএর সঙ্গে যৌথ উদ্যোগ আমাদের কর্মকর্তাদের বহর আরও সমৃদ্ধ করবে।’ বিজ্ঞপ্তি