এসিসিএ শিক্ষার্থীরা রবিতে ইন্টার্নশিপ করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিসিএ বাংলাদেশ ও রবি আজিয়াটা লিমিটেড দুই বছর মেয়াদি একটি সমঝোতা চুক্তি করেছে। এর আওতায় এসিসিএ শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও বিভিন্ন কাজের সুযোগ করে দেবে রবি।
এসিসিএ বাংলাদেশের কান্ট্রি হেড মহুয়া রশীদ ও রবি আজিয়াটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ গতকাল রোববার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসিসিএ বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক মনিরুল হাসান ও রবি আজিয়াটার মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতানা উপস্থিত ছিলেন।
মহুয়া রশীদ বলেন, ‘আমরা আরও অনেক যৌথ উদ্যোগ গ্রহণ করব, যার ফলে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে।’
মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘এসিসিএর সঙ্গে নেওয়া এই পদক্ষেপ আমাদের নিজস্ব জনবলকে আরও সমৃদ্ধ করবে এবং সামাজিক উন্নয়নে প্রভাব ফেলবে।’ বিজ্ঞপ্তি।