এয়ারটেল এখন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর ওয়ারিদ নাম বদলে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নামে যাত্রা শুরু করল। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এয়ারটেলকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এয়ারটেলের বর্তমান স্লোগান, ‘ভালবাসার টানে, পাশে আনে’। আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে ওয়ারিদ ব্যবহারকারীদের মুঠোফোনে নতুন লোগো বা প্রতীকযুক্ত এয়ারটেল লেখা ভেসে উঠবে। এ ছাড়া কয়েক দিন ধরে বিভিন্ন দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে ওয়ারিদ থেকে এয়ারটেল হওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। ওয়ারিদ থেকে এয়ারটেলে পরিবর্তন উপলক্ষে আজ রাজধানী ও এয়ারটেলের সব কার্যালয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। ওয়ারিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট প্রথম আলোকে জানান, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ম্যাক্সওয়েল রুডল্ফ নিহত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই মূলত এসব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। এর আগে ভারতে ইংরেজি ছোট হরফের ‘এ’ সংবলিত এয়ারটেলের নতুন লোগোর উম্মোচন করেন এয়ারটেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুনীল ভারতী মিত্তাল। চলতি বছরের জানুয়ারি মাসে এয়ারটেল বাংলাদেশে ওয়ারিদের ৭০ শতাংশ অংশীদারি কিনে নেয়। ক্রিস টবিট বলেন, ‘মূলত বিশ্বব্যাপী এয়ারটেল হিসেবে পরিচয় পেতে একই লোগো নিয়ে এই রি-ব্র্যান্ডিং করা হয়েছে। ১১ মাস ধরে বাংলাদেশের গ্রাহকদের উন্নত সুবিধা দিতে নেটওয়ার্ক উন্নয়নে কাজ করেছি। বাংলাদেশের সংস্কৃতি ও গ্রাহকদের প্রয়োজন ভেবে তৈরি করা হয়েছে প্রয়োজনীয় ও আর্কষণীয় সেবা।’ এমনকি প্রত্যন্ত এলাকায়ও উন্নত মানের গ্রাহকসেবা দিতে এয়ারটেল এখন পুরোপুরি প্রস্তুত বলে জানান ক্রিস টবিট।প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান এ উপলক্ষে একটি নতুন সুর তৈরি করেছেন। এয়ারটেলের গ্রাহকেরা এটা ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে বর্তমানে এয়ারটেলের গ্রাহক সংখ্যা প্রায় ৪০ লাখ।