এয়ারটেল বাণিজ্যিক কার্যক্রম শুরুর ঘোষণা দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের সর্বোচ্চ মান ও উন্নততর সেবা প্রদানের প্রতিশ্রুতির মধ্য দিয়ে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরুর ঘোষণা দিল টেলিযোগাযোগ খাতে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। অপেক্ষাকৃত তরুণ ও গ্রামাঞ্চলের গ্রাহকদের লক্ষ্য করেই টেলিযোগাযোগ-সেবা সম্প্রসারণে কাজ করবে প্রতিষ্ঠানটি।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক মনোজ কোহলি গতকাল রোববার এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘আধুনিক সেবা প্রদানের মাধ্যমে এ দেশের টেলিযোগাযোগ খাতকে অনেক দূর নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’সম্প্রতি আরব আমিরাতভিত্তিক ব্যবসায়িক গোষ্ঠী ধাবি গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে ভারতী এয়ারটেল। ওয়ারিদ বর্তমানে দেশের ৬৪টি জেলায় ২৯ লাখেরও বেশি গ্রাহককে মোবাইল ফোনের সেবা দিয়ে আসছে।এ ব্যাপারে মনোজ কোহলি জানান, আগামী দু-তিন মাসের মধ্যে তাঁরা মালিকানা হস্তান্তরসম্পর্কিত যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন। তখন তাঁরা ওয়ারিদের পরিবর্তে এয়ারটেল নামে নিজস্ব ব্র্যান্ডিং চালু করবেন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতী এয়ারটেলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কাপুর, পরিচালক নরেন্দ্র গুপ্ত, বাংলাদেশে নিযুক্ত নতুন সিইও ক্রিস টবিট ও ওয়ারিদ টেলিকমের বর্তমান সিইও মুনীর ফারুকী।মনোজ কোহলি বলেন, ওয়ারিদ টেলিকমের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য ভারতী এয়ারটেল নতুন করে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে। এর ফলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় ভারতী এয়ারটেলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে আবুধাবি গ্রুপ ৩০ শতাংশ অংশীদারিত্ব নিয়ে প্রতিষ্ঠানটিতে কৌশলগত সহযোগী হিসেবে থাকবে এবং পর্ষদেও প্রতিনিধিত্ব করবে।মনোজ কোহলি আরও বলেন, ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনালের নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ভারতী এয়ারটেল এই অধিগ্রহণ সম্পন্ন করেছে।এ দেশে বিনিয়োগ সম্পর্কে ভারতী এয়ারটেলের সিইও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম বাজার। এ দেশের প্রায় ১৬ কোটি জনসংখ্যার মাত্র ৩২ শতাংশ টেলিযোগযোগ-সেবার আওতায় এসেছে। বাকি বাজার এখনো উন্মুক্ত। ফলে এ দেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য মোটেও কঠিন ছিল না।সঞ্জয় কাপুর বলেন, দুটি রাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের প্রতীক হিসেবে এই অংশীদারিত্ব চুক্তি কাজ করবে। এর মাধ্যমে তাঁরা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অবদান রাখতে পারবেন।এক প্রশ্নের জবাবে সঞ্জয় কাপুর বলেন, ‘প্রাথমিকভাবে মুনাফার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। ভালো নেটওয়ার্ক ও মূল্য সংযোজনমূলক সেবাসহ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও মোবাইল বিনোদন-সম্পর্কিত নিত্যনতুন পণ্যের সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের প্রধান উদ্দেশ্য।’এ সম্পর্কে উদাহরণ তুলে ধরে মনোজ কোহলি বলেন, ‘ভারতে এয়ারটেলের একটি রিংটোন প্রায় চার কোটি গ্রাহক ব্যবহার করে। এ ধরনের সেবা আমার বাংলাদেশেও চালু করতে চাই।’ওয়ারিদের কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ দেশে প্রচুর মেধাবী পেশাজীবী রয়েছেন। তাঁদের কাজে লাগানোর চেষ্টা অবশ্যই থাকবে। তবে বর্তমান কর্মীবাহিনীর দক্ষতা ও নৈপুণ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।ওয়ারিদের মালিকানা ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে মুনীর ফারুকী বলেন, চলমান বিশ্বমন্দার প্রভাব বিশ্বের অন্যান্য বড় ব্যবসায়ী গোষ্ঠীর মতো ধাবি গ্রুপকেও আক্রান্ত করেছে। এ কারণেই তারা শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতী এয়ারটেলের ভারতের বাইরে এটি দ্বিতীয় কার্যক্রম। এর আগে কোম্পানিটি ২০০৯ সালে ৩.৫জি নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে শ্রীলঙ্কায় তাদের কার্যক্রম শুরু করে। দ্রুত নেটওয়ার্ক সমপ্রসারণ ও নিত্যনতুন গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরুর মাত্র ছয় মাসের মধ্যে এর গ্রাহকসংখ্যা ১০ লাখ অতিক্রম করে। বর্তমানে ভারতে তাদের গ্রাহকসংখ্যা ১২ কোটির মতো। দেশটির পাঁচ হাজার শহরে কার্যক্রম রয়েছে কোম্পানিটির।