এয়ারটেলে এখন এক সেকেন্ড কথা এক পয়সায়

এখন থেকে এক পয়সায় প্রতি সেকেন্ড—এই হারে কথা বলতে পারবেন এয়ারটেল গ্রাহকেরা। গতকাল বুধবার বেসরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এয়ারটেল ‘সবাই এক’ নামে এই নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেছে।
এ উপলক্ষে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নতুন এই হার পরিকল্পনার ঘোষণা দেন এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পি ডি শর্মা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ ঘণ্টা একই হারে কথা বলতে পারবেন গ্রাহকেরা। কথা বলায় দেশের যেকোনো স্থানে একই হার প্রযোজ্য হবে। এই হার ব্যবহারে কোনো শর্ত নেই। নতুন ও পুরোনো এয়ারটেল গ্রাহকেরা এই সুবিধা নিতে পারবেন। এয়ারটেলের নতুন গ্রাহকেরা ৯০ দিনের জন্য এক পয়সা প্রতি সেকেন্ড হারে কথা বলতে পারবেন। আর বর্তমান গ্রাহকেরা ২৪ টাকা রিচার্জ করে ৩০ দিন মেয়াদ পাবেন।
অনুষ্ঠানে পি ডি শর্মা বলেন, ‘“সবাই এক” ট্যারিফ পরিকল্পনাটি বাংলাদেশে টেলিকম খাতের জন্য একটি মাইলফলক। এই পরিকল্পনা গ্রাহককে বিভিন্ন বিধিনিষেধ থেকে রক্ষা করবে। এটি গ্রাহককে সম্পূর্ণ স্বচ্ছতা ও স্বস্তি দেবে। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ এয়ারটেল ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশের মোবাইলসেবার পরিধি বৃদ্ধি করবে।’
সংবাদ সম্মেলনে একটি সমীক্ষার ফলাফলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশের ৭৭ শতাংশ মুঠোফোন গ্রাহক মাশুল হার সম্পর্কে জানেন না। সচেতন গ্রাহকদের ১৮ শতাংশ কল হার নিয়ে সন্তুষ্ট নন। আর ৪০ শতাংশ গ্রাহকেরা প্যাকেজ সম্পর্কে জানেন না।
অনুষ্ঠানে কোম্পানির প্রধান সেবা কর্মকর্তা (সিএসও) রুবাবা দৌলাসহ অন্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এয়ারটেল বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের অঙ্গসংগঠন। ভারতী এয়ারটেলের এশিয়া ও আফ্রিকাজুড়ে ২০টি দেশে কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ভারতের নয়াদিল্লিতে। গ্রাহকসংখ্যার ভিত্তিতে সমগ্র বিশ্বের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর প্রথম চারটির মধ্যে এর অবস্থান।