এয়ারটেলের থ্রিজি এখন মৌলভীবাজারে

টাঙ্গাইলের পর এবার মৌলভীবাজারে থ্রিজি-সেবা চালু করল দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার মৌলভীবাজার শহরে বর্ণিল শোভাযাত্রা বের করে প্রতিষ্ঠানটি।
এয়ারটেল বাংলাদেশ ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রাজশাহী, কক্সবাজার, রংপুর, চাঁদপুর, মানিকগঞ্জসহ দেশের গুরুত্বপূর্ণ স্থান থ্রিজি-সেবার আওতায় এনেছে। সম্প্রতি টাঙ্গাইলে এ সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ আজ মৌলভীবাজারের গ্রাহকদের জন্য থ্রিজি-সেবা চালু করল এয়ারটেল।
এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পি ডি শর্মা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘মৌলভীবাজারের গ্রাহকদের জন্য এয়ারটেল থ্রিজি-সেবা আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ গ্রাহকদের সর্বোত্তম গুণগতমানের সেবা প্রদানের চেষ্টা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
থ্রিজি-সেবা উদ্বোধনী অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের আঞ্চলিক বিজনেস ব্যবস্থাপক এম খুরশেদ আলম, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. নাহিদ মিয়া, মৌলভীবাজার টেরিটরি ব্যবস্থাপক শিশির কুমার পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের ম্যাজিস্ট্রেট কলোনী, বড়হাট, লেক রোড, শাহ মোস্তফা সড়ক, কোর্ট রোড, সুলতানপুর, কাজীর গাঁ, ধরকাঁপন, আবু তাহির রোড ও মোস্তফাপুর রোড এলাকা থ্রিজি-সেবার আওতায় আনা হয়েছে। এয়ারটেলের গ্রাহকেরা *১২১*৭*৪# নম্বরে অথবা ১২১২ নম্বরে ডায়াল করে অথবা www.bd.airtel.com/airtel3G ভিজিট করার মাধ্যমে থ্রিজি কভারেজের আওতাধীন এলাকা সম্পর্কে জানতে পারবেন। এয়ারটেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।