এয়ারটেলের নেটওয়ার্ক উন্নয়ন কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণের কার্যক্রম শুরু করেছে মোবাইল অপারেটর এয়ারটেল। দেশের প্রায় ১৬০টি শহরে ইতিমধ্যে ২০০ নতুন নেটওয়ার্ক সাইট চালু করা হয়েছে। দ্রুত চালু করা হবে আরও ৭০০ নেটওয়ার্ক সাইট। গতকাল এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, দেশের সর্বত্র নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্দেশ্যে এয়ারটেল ইতিমধ্যে অন্য অপারেটরদের সঙ্গে অবকাঠামো বিনিময়সংক্রান্ত চুক্তিতে সই করেছে। এ প্রসঙ্গে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, ‘গ্রাহকদের জন্য শুধু নেটওয়ার্ক নয়, সব ধরনের সেবাও নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করাই আমাদের লক্ষ্য। এ জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ১২৪টি রিলেশনশিপ সেন্টার, ১০০টিরও বেশি সার্ভিস সেন্টার এবং পাঁচটি এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে পুরো দেশে এয়ারটেলের নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করার উদ্দেশ্যে আমরা দ্রুত কাজ করছি।’ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উপকূলীয় এলাকা ও দুর্গম পাহাড়ি এলাকার যেখানে জাতীয় গ্রিডের বিদ্যুৎ নেই, সেখানে নেটওয়ার্ক সাইটগুলোতে এয়ারটেল প্রকৃতিবান্ধব সৌর প্যানেল ব্যবহার করছে। আর অন্য নেটওয়ার্ক সাইটগুলোতে বিশেষ ধরনের ডিসি জেনারেটর ব্যবহার করা হচ্ছে। এতে করে অনেক কম জ্বালানি লাগে, শব্দদূষণ হয় কম এবং পরিবেশগত সমস্যাও হবে না।