এয়ারটেলের বর্ষপূর্তিতে নানা আয়োজন
মুঠোফোন সেবাদানকারী ভারতী এয়ারটেল, বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে। বাংলাদেশে এয়ারটেলের যাত্রা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। ওই বছরের জানুয়ারিতে ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ মালিকানা কিনে নেয় ভারতী এয়ারটেল।আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে এয়ারটেল কার্যালয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার ৪০তম বর্ষপূর্তি উদযাপন করছে এবং এ দেশের উন্নয়নের অংশীদার হতে পেরে ভারতী এয়ারটেল বেশ গর্বিত। প্রত্যন্ত এলাকায় গ্রাহকদের জন্য বিশ্বমানের সেবা পৌঁছে দিতে এয়ারটেল কাজ করে যাচ্ছে। আমাদের প্রথম বছরে অকুণ্ঠ সমর্থনের জন্য এয়ারটেল গ্রাহক, সহযোগী ও প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি এয়ারটেল কৃতজ্ঞ। ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় থাকবে বলে আমরা আশাবাদী।’প্রথম বর্ষপূর্তিতে এয়ারটেলের গ্রাহকেরা ২৩ ডিসেম্বর রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিনামূল্যে ‘কুংফু পান্ডা ২’ এবং ‘পাইরেটস অব ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ ছবি দেখতে পাবেন। এ ছাড়া কক্সবাজারের সমুদ্রসৈকতে এয়ারটেল আয়োজন করেছে ‘পার্টি উইথ ফ্রেন্ডস’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠান। এয়ারটেলের গ্রাহকেরা বন্ধুদের নিয়ে এলআরবি, সোলস, দলছুট ও লালন ব্যান্ডের গান নিয়ে আয়োজিত এই কনসার্ট উপভোগ করতে পারবেন।