এয়ারটেলের সহায়তায় মোবাইল ব্যাংকিং চালু করল ডাচ্-বাংলা ব্যাংক
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) এবার বেসরকারি মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশের সহযোগিতায় মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে।এয়ারটেলের গ্রাহকেরা এখন থেকে ডাচ্-বাংলা ব্যাংকে মোবাইল হিসাব খোলার মাধ্যমে ক্যাশ ইন, ক্যাশ আউট, প্রবাসী-আয় (রেমিট্যান্স), টাকা পাঠানো, বেতন তোলা—এমনকি মোবাইল টপ আপের মতো সেবাও নিতে পারবেন।রাজধানীর উত্তরখান ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র (ইউআইএসসি) প্রাঙ্গণে শনিবার এ সেবার উদ্বোধন করা হয়। এয়ারটেল ও ডাচ্-বাংলা ব্যাংকের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এন আই খান ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বিশেষ অতিথি ছিলেন।এতে অন্যান্যের মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে শামসি তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শিরীন এবং এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট, সিএসও ও এম-কমার্সের প্রধান রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও ব্যাংকিং সেবার আওতায় আনা হবে। আতিউর রহমান আরও বলেন, মোবাইল ব্যাংকিং প্রতি মাসে অন্তত ১৫ শতাংশ হারে বাড়ছে এবং প্রতিমাসে গড়ে লেনদেন হচ্ছে এক হাজার কোটি টাকার বেশি। এর ফলে সারাদেশে অধিকসংখ্যক মানুষ ক্রমেই ব্যাংক সেবার আওতায় চলে আসছে।