দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করে—এমন রাজনৈতিক কর্মসূচি না দিতে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্প্রতি রাজবাড়ীতে জনসভায় বলেছেন, উপজেলা নির্বাচনের পর আন্দোলনে যাবেন। এ কথা উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে তোফায়েল বলেন, ‘আপনি আন্দোলন করেন, সেই গণতান্ত্রিক অধিকার আপনার আছে। তবে হরতাল-অবরোধের মতো এমন কোনো আন্দোলনে যাবেন না, যাতে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। আর এমন হলে ব্যবসা-বাণিজ্য রক্ষায় সরকার তা শক্ত হাতে দমন করবে।’
তৈরি পোশাকের সহায়ক পণ্য বা গার্মেন্টস এক্সেসরিজ এবং মোড়কি বা প্যাকেজিং পণ্যের প্রদর্শনী গ্যাপেক্সপো-২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল সম্মিলিতভাবে মেলাটির আয়োজন করছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ ভোট হয়ে গেছে। পাঁচ সিটি করপোরেশন নির্বাচন জেতার পর নির্বাচন বর্জন করার কোনো কারণ বাংলার মানুষ খুঁজে পায়নি। আর আপনি যে স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না। আমার মনে হয় না, আপনার এ স্বপ্ন পূরণ হবে। ভবিষ্যতে নির্বাচন হলে শেখ হাসিনার অধীনেই হবে, সংবিধান মোতাবেকই হবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই। তবে রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে তবে দেশের অর্থনীতিকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব।’
বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী তাঁর বক্তব্যে ইউটিলাইজেশন পারমিশন (্ইউপি) ইস্যুর দায়িত্ব সমিতিকে হস্তান্তরসহ বেশ কিছু দাবির কথা তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এবং বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম।
প্রদর্শনী: উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শনীর দ্বার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবার বাংলাদেশ, ভারত, চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানিসহ ২৫টি দেশের প্রায় ৫০০ স্টল থাকছে। এতে তৈরি পোশাকের সহায়ক পণ্য ও মোড়কীকরণের যন্ত্রপাতি, কাঁচামাল এবং উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে।
একই স্থানে গ্যাপেক্সপোর পাশাপাশি বস্ত্র (ফেব্রিকস) ও সুতা (ইয়ার্ন) নিয়ে আরও দুটি মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে রোববার পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নিবন্ধন করে মেলায় যেতে পারবেন আগ্রহীরা।