আজ মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ উত্সব’। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন আয়োজিত এই উত্সব চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ডেপুটি হাইকমিশন চত্বরে আয়োজিত এই উত্সবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল দেবানন্দ কুঁয়ার। বেলা সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে এই উত্সবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য।উত্সব উপলক্ষে গতকাল সোমবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার। সংবাদ সম্মেলনে জানান, এই উত্সবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে উপস্থিত থাকবে ২৪টি প্রতিষ্ঠান। থাকবে ঢাকাই জামদানি, টাঙ্গাইলের তাঁত, রাজশাহী সিল্ক, বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য, প্রসাধন সামগ্রী, মেলামাইন পণ্য, বাংলাদেশের বই এবং বিভিন্ন রপ্তানিমুখী পণ্য। এ ছাড়া এই উত্সবে মিলবে বাংলাদেশি ইলিশের রকমারি রান্না, ভুনা খিচুড়ি, কাচ্চি বিরিয়ানি, যশোরের সন্দেশ, বাংলাদেশের পিঠাসহ অন্যান্য খাবারদাবার।ছয় দিনব্যাপী আয়োজিত এই উত্সবে আরও থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নামীদামি শিল্পীদের পরিবেশনায় লোকগীতি, ভাওয়াইয়া, বাউল, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, আধুনিক গান ও নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে আসছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা। আসছের চ্যানেল আইয়ের একঝাঁক শিল্পীও।সংবাদ সম্মেলনে সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার আরও বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে যে সাংস্কৃতিক বন্ধন রয়েছে, সেই বন্ধন আরও জোরদার করবে আমাদের এই বাংলাদেশ উত্সব।’