ওটিসি থেকে নিয়মিত লেনদেনে ফিরল ১০ কোম্পানি
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওটিসি (ওভার দ্য কাউন্টার) নামের আলাদা লেনদেনব্যবস্থা থেকে স্বাভাবিক লেনদেনব্যবস্থায় ফিরেছে তালিকাভুক্ত ১০ কোম্পানি। গতকাল মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর শেয়ারের স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে।কোম্পানিগুলো হলো: বাংলাদেশ সার্ভিসেস, সমতা লেদার, আনলিমা ইয়ার্ন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, মডার্ন ডায়িং, ঝিলবাংলা ও শ্যামপুর সুগার মিলস, রেনউইক যজ্ঞেশ্বর, নর্দান জুট এবং ওরিয়ন ইনফিউশন।১৬ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। গতকাল থেকে সেটি কার্যকর হয়। যদিও ১৬ জানুয়ারির আদেশে ২৩ জানুয়ারি থেকে কোম্পানিগুলোর স্বাভাবিক লেনদেনের কথা বলা হয়েছিল। কিন্তু শেয়ারবাজারের অস্থিতিশীল পরিস্থিতিতে গত দুই দিন লেনদেন বন্ধ থাকায় সেটি হয়নি। জানা গেছে, কোম্পানিগুলো ডিমেট-প্রক্রিয়া (কাগুজে শেয়ার থেকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর) সম্পন্ন করায় স্বাভাবিক লেনদেনব্যবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এসইসি। গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া সময়ে ডিমেট-প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ২৫টি কোম্পানিকে স্বাভাবিক লেনদেনব্যবস্থা থেকে তালিকাচ্যুত করে ১ অক্টোবর ওটিসি মার্কেটে পাঠানো হয়। ওই ২৫ কোম্পানির মধ্যে উল্লিখিত ১০ কোম্পানিও ছিল।এসইসির ওই (কাগুজে শেয়ারকে ওটিসিতে পাঠানো) উদ্যোগের ফলে গত বছরের ১ অক্টোবর থেকে ডিএসইর মূল বাজার কাগুজে শেয়ারমুক্ত হয়। এই ১০ কোম্পানি স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় বর্তমানে ওটিসিতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৯টিতে। স্বাভাবিক লেনদেনে ফিরে আসার প্রথম দিনেই ১০ কোম্পানির মধ্যে পাঁচটির দাম বেড়েছে। কমেছে তিনটির। আর দুটি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি। কোম্পানির শেয়ার লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে এসইসি ২০০৪ সালে ইলেকট্রনিক শেয়ার লেনদেনব্যবস্থা চালু করে।