ওটিসি বাজার নিয়ে এসইসির বৈঠক
ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজার নিয়ে দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার এসইসির সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক সূত্রে জানা যায়, ওটিসি বাজারের উন্নয়নে উদ্যোগ নিয়েছে এসইসি। এরই অংশ হিসেবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এসইসি। বৈঠকে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন, ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ, এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, আরেক নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্রটি আরও জানায়, বৈঠকে সিএসইর পক্ষ থেকে এসইসিকে একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়। ডিএসইর পক্ষ থেকে আজ কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানা গেছে।সিএসইর প্রস্তাবে বলা হয়, বাজারে কোম্পানির তালিকাচ্যুতি (ডিলিস্ট) বলতে কিছু থাকবে না। কোনো কোম্পানি আইন ভঙ্গ করলে অথবা আইন পরিপালন করতে ব্যর্থ হলে (যে কারণে তালিকাচ্যুত হয়) ওই কোম্পানিকে শাস্তিস্বরূপ নতুন একটি ক্যাটাগরি গঠন করে ওই ক্যাটাগরিতে স্থানান্তর করতে হবে। এতে মূল বাজারেই ওই কোম্পানির শেয়ার লেনদেন হবে।এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বাজারের সঙ্গে সংগতি রেখে নতুন করে ওটিসি বাজার গঠনের প্রস্তাব করেছে সিএসই।এতে আরও বলা হয়, অনেক ভালো ভালো কোম্পানি মনে করে, তাদের মূল বাজারে তালিকাভুক্ত হওয়ার দরকার নেই। তাই তারা ওটিসি বাজারে তালিকাভুক্ত হতে পারবে। একই সঙ্গে অনেক কোম্পানি বাজারে আসতে চায়। কিন্তু সাধারণ বাজারে আসতে হলে কোম্পানিকে পর পর তিন বছর মুনাফা অর্জন করতে হয়। এ ক্ষেত্রে কোনো কোম্পানি পর পর তিন বছর মুনাফা অর্জনে ব্যর্থ হলে তারা ওটিসি বাজারে তালিকাভুক্ত হতে পারবে। এ ছাড়া কম মূলধনের ভালো কোম্পানিও এই বাজারে তালিকাভুক্ত হতে পারবে।এ বিষয়ে জানতে চাইলে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওটিসি বাজার নিয়ে সিএসইর পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবগুলো খতিয়ে দেখে এসইসি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ বলেন, ওটিসি বাজার নিয়ে এর আগে ডিএসইর পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, ‘বর্তমানে ওটিসি বাজারে থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রে বিনিয়োগকারীরা শুধু বিক্রির আদেশ দিতে পারেন। তাঁরা যাতে ক্রয়ের আদেশও দিতে পারেন, সে ব্যাপারে আমরা প্রস্তাব করেছি।’