ওটিসি বাজারে গতি ফেরাতে এসইসির উদ্যোগ
শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে গতি ফেরাতে এবার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ লক্ষ্যে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি। ওটিসি বাজারে রয়েছে—এমন কোম্পানিগুলোর বিষয়ে করণীয় ঠিক করতে এই কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ১৯ এপ্রিল এসইসির উপপরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাছিম বিল্লাহ স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে বলেও সূত্র জানায়।এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্য তিন সদস্য হলেন নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম ও পরিচালক মাহাবুবুল আলম (সদস্যসচিব)।এর আগে এসইসির ৪২৮তম কমিশন সভায় সার্বিক বিবেচনাপূর্বক ওটিসি বাজারের বিদ্যমান কোম্পানিগুলো বিষয়ে করণীয় ঠিক করার লক্ষ্যে একটি কমিটি গঠনে সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত ওই কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিশনে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।প্রসঙ্গত, অপেক্ষাকৃত দুর্বল কোম্পানিকে ওটিসি বাজারে পাঠানোর নিয়ম থাকলেও আমাদের দেশে সাধারণত সিকিউরিটিজ আইন লঙ্ঘন বা পরিপালন না করার কারণে মূলত বেশির ভাগ কোম্পানিকে শাস্তিস্বরূপ ওটিসি বাজারে পাঠানো হয়। এ ছাড়া ওটিসি বাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বেশ জটিলতা রয়েছে। বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন, দীর্ঘ দিন ধরে এই বাজারে থাকার পরও সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে মূল বাজারে ফেরত না আনায় তাদের বিপাকে পড়তে হচ্ছে।