ওটিসির কোম্পানি মূল বাজারে ফিরিয়ে আনার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারের কোম্পানিগুলো নিয়ে নতুন ক্যাটাগরি গঠন করে ওই কোম্পানিগুলো মূল বাজারে ফিরিয়ে আনার প্রস্তাব করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে ‘ওটিসি’ বা ‘বিকল্প’ বাজার নামের আলাদা একটি বাজার গঠনেরও প্রস্তাব করেছে সংস্থাটি। সেখানে বর্তমান বাজারের মতোই লেনদেন হবে।ওটিসি বাজারের উন্নয়নে এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) বেশ কিছু প্রস্তাব দিয়েছে সিএসই। আগামীকাল ওটিসি বাজার নিয়ে দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে এসইসির একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকে এসব প্রস্তাব আবারও পেশ করবে সিএসই।সিএসই সূত্র জানায়, ওটিসি বাজারের উন্নয়নের উদ্যোগ নিয়েছে এসইসি। এরই অংশ হিসেবে সিএসইর পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়, বাজারে কোম্পানির তালিকাচ্যুতি (ডিলিস্ট) বলতে কিছু থাকবে না। কোনো কোম্পানি আইন ভঙ্গ করলে অথবা আইন পরিপালন করতে ব্যর্থ হলে (যে কারণে তালিকাচ্যুত হয়) ওই কোম্পানিকে শাস্তিস্বরূপ নতুন একটি ক্যাটাগরি গঠন করে ওই ক্যাটাগরিতে স্থানান্তর করতে হবে। এতে মূল বাজারেই ওই কোম্পানির শেয়ার লেনদেন হবে।এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বাজারের সঙ্গে সংগতি রেখে নতুন করে ওটিসি বাজার গঠনের প্রস্তাব করেছে সিএসই। সিএসইর প্রস্তাবে বলা হয়, অনেক ভালো কোম্পানি মনে করে, তাদের মূল বাজারে তালিকাভুক্ত হওয়ার দরকার নেই। তাই তারা ওটিসি বাজারে তালিকাভুক্ত হতে পারবে। একই সঙ্গে অনেক কোম্পানি বাজারে আসতে চায়। কিন্তু সাধারণ বাজারে আসতে হলে তাকে পরপর তিন বছর মুনাফা অর্জন করতে হয়। এ ক্ষেত্রে কোনো কোম্পানি পরপর তিন বছর মুনাফা অর্জনে ব্যর্থ হলে তারা ওটিসি বাজারে তালিকাভুক্ত হতে পারবে। এ ছাড়া কম মূলধনি ভালো কোম্পানিও এই বাজারে তালিকাভুক্ত হতে পারবে।এ বিষয়ে জানতে চাইলে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘ওটিসি বাজারের উন্নয়নে সিএসইর পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য এই প্রস্তাব দেওয়া হয়।’ ওটিসি বাজারের বর্তমান কোম্পানিগুলো সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে যেসব কোম্পানির কর্মকাণ্ড ভালো, তাদের মূল বাজারে ফিরিয়ে আনার জন্য আমরা এসইসিকে অনুরোধ জানাব। একই সঙ্গে যেসব কোম্পানির অস্তিত্ব নেই, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে বলব।’নতুন ক্যাটাগরি সম্পর্কে সিএসইর সিইও বলেন, সিএসইর পক্ষ থেকে খারাপ কোম্পানিগুলো নিয়ে নতুন ক্যাটাগরি গঠনের প্রস্তাব করা হয়েছে। খারাপ ক্যাটাগরিতে যাওয়ার পর ওই কোম্পানিকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এর মধ্যে ওই কোম্পানি মূল বাজারে ফিরে না এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।সাজিদ হোসেন আরও বলেন, ওটিসি বাজার উন্নয়নে সিএসইর পক্ষ থেকে কেবল প্রস্তাব করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে এসইসি সিদ্ধান্ত নেবে।