ওটিসির কোম্পানিগুলোর বিষয়ে করণীয় নির্ধারণে চার সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভার দ্য কাউন্টার বা ওটিসি নামের বিকল্প বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে করণীয় নির্ধারণে চার সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সম্প্রতি কমিশনের এক বৈঠকে এই কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান ও আনোয়ারুল ইসলাম এবং পরিচালক মাহবুবুল আলম। কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিশনের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে কার্যক্রম নেই বা বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দেয় না—এ রকম দুর্বল কোম্পানিকে মূল তালিকা থেকে সরিয়ে আলাদা লেনদেনের জন্য ২০০৯ সালের ৬ সেপ্টেম্বর ডিএসইতে ওটিসি বাজার নামে বিকল্প বাজার চালু করা হয়। বর্তমানে এই বাজারে ৬৮টি কোম্পানি রয়েছে। চালু হওয়ার পর থেকেই এই বাজারে স্থানান্তরিত কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে তেমন কোনো গতি ছিল না। এই বাজারে শেয়ার কেনাবেচার প্রক্রিয়াটি কিছুটা জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় এ বাজারে শেয়ার লেনদেনে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়নি। এ অবস্থায় ওটিসি বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভবিষ্যৎ নির্ধারণে এসইসি নতুন করে উদ্যোগ নিয়েছে।