ওঠানামার পর ঊর্ধ্বমুখী বাজার
গতকালের ধারাবাহিকতায় আজ সোমবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। আজ লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে। তবে গতকালের চেয়ে ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগে টানা নিম্নমুখী প্রবণতা বিরাজ করছিল শেয়ারবাজারে। ঈদ সামনে রেখে ওই সময়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশ কম ছিল। তবে ঈদুল ফিতরের ছুটির পর গতকাল থেকে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়ে যায়। লেনদেনেও তার ইতিবাচক প্রভাব লক্ষ করা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১ দশমিক ২৪ শতাংশ অর্থাত্ ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,০৮৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামা করে সূচক। পরে দুপুর ১২টার পর থেকে সূচকের তির ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৬টির দাম বেড়েছে, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৭৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গতকালের ২৬ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারের লেনদেনের পরিমাণ ছিল ৪৪৯ কোটি টাকা।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল পদ্মা অয়েল। প্রতিষ্ঠানটির ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, যমুনা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬৫২ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দাম বেড়েছে, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ এই বাজারে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।