ওঠানামার পর কমেছে সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। লেনদেনের শুরু থেকে বেশ কয়েকবার ওঠানামা করে সূচক। তবে সূচক কমলেও লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ১ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৯৭ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে যায়। ২০ মিনিটে সূচক বাড়ে ৫ পয়েন্ট। এভাবে বেশ কয়েকবার ওঠানামা করে সূচক।

ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।  গতকাল এ বাজারে ৩৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া মতিন স্পিনিং, লংকাবাংলা ফিন্যান্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, অ্যামারেল্ড অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক কমেছে ৩৩ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৭৯ পয়েন্টে।

সিএসইতে আজ ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টির দাম কমেছে, বেড়েছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৭  কোটি টাকার শেয়ার লেনদেন হয়।