ওঠানামার পর নিম্নমুখী বাজার
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। তবে গতকাল সোমবারের চেয়ে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৪১১৮ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামা করে। দিন শেষে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১২৫টির দাম বেড়েছে, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে আজ ৬২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৭ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫২২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬৯৪ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দাম বেড়েছে; কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইর লেনদেন আজ ৫৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ার। আজ এই প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হেইডেলবার্গ সিমেন্ট, বিএসসিসিএল, ফারইস্ট ফাইন্যান্স, সিএমসি কামাল, গ্রামীণফোন, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, জেএমআই সিরিঞ্জ, জেনারেশন নেক্সট ফ্যাশন প্রভৃতি।