ওঠানামার পর নিম্নমুখী বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের ধারাবাহিকতায় আজ সোমবারও সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে। এ নিয়ে টানা চার দিন দরপতনের ঘটনা ঘটল শেয়ারবাজারে। তবে আজ দিনের শুরু থেকেই সূচকের ওঠানামা ছিল লক্ষ করার মতো।এদিকে দরপতনের প্রতিবাদে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আজ বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা একটার দিকে এই কর্মসূচি পালন করা হয়। তাঁরা দরপতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, শেয়ারবাজারে যখনই গতি লক্ষ করা যায়, তখন একটি মহল বিভিন্ন গুজব ছড়িয়ে বাজারে প্রভাব ফেলার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশেষ ওই মহল সরকারি শেয়ার ছাড়ার গুজব বাজারে ছড়িয়ে দেয়। এতে সরকারি বেশির ভাগ কোম্পানির শেয়ারে দরপতন লক্ষ করা যায়। এরই প্রভাব অন্য কোম্পানিতেও পড়ে। বিষয়টি গত চার দিনে বাজারে নেতিবাচক প্রভাব ফেলে বলে অভিযোগ করেন তিনি। সব ধরনের গুজব থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বানও জানান বিনিয়োগকারীদের এই নেতা।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪০৫৪ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। তবে ১৫ মিনিটে সূচক কমে ৩৫ পয়েন্ট। এভাবেই একাধিকবার ওঠানামা করে সূচক।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮টির দাম কমেছে, বেড়েছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ৪৩২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭৪ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৬০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল জ্বালানি ও বিদ্যুত্ খাতের সরকারি কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম। আজ প্রতিষ্ঠানটির ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া বিএসসিসিএল, তিতাস গ্যাস, পদ্মা অয়েল, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ ফাইন, ইউনিক হোটেল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬০৯ পয়েন্টে।সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩টির দাম কমেছে, বেড়েছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।