দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চললেও, শেষ হয়েছে নিম্নমুখী প্রবণতায়। দিন শেষে লেনদেনের পরিমাণ কমলেও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে, সূচক কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে নয় পয়েন্ট কমে ৫,০১০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ১০ মিনিটে গতকালের চেয়ে চার পয়েন্ট কমে যায়। ২০ মিনিটের দিকে ২২ পয়েন্ট বেড়ে যায়। ৪৫ মিনিটে সূচক বাড়ার হার কমে ছয় পয়েন্ট ছিল। এরপর থেকে সূচক আবার বাড়তে থাকে। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সূচক সর্বোচ্চ ৬৬ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। বেলা দুইটা ৫৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট কমে যায়। আজ লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৩৫টির দাম, কমেছে ১০০টির আর অপরিবর্তিত আছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, লঙ্কাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, যমুনা অয়েল, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউসিবিএল এবং আফতাব অটোমোবাইলস।