ওঠানামার পর পতন দিয়ে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবারও দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সে কারণে নেমে গেছে সাধারণ মূল্যসূচকও। সারা দিন সূচক ওঠানামার পর দরপতন দিয়ে শেষ হয় পুঁজিবাজারের লেনদেন। এ নিয়ে টানা ছয় কর্মদিবসে দরপতনের ঘটনা ঘটল পুঁজিবাজারে।বাজার-সংশ্লিষ্টরা বলেছেন, পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে এসইসি মামলা করার প্রস্তুতি নিয়েছে—এমন খবর বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক বিনিয়োগকারী বাজার পড়ে যাওয়ার ভয়ে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে শুরু করেন। ফলে বাজারে দরপতন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক ৯২.০২ পয়েন্ট কমে ৬,৩৬৭.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের ১৫ মিনিটের মাথায় সূচক ৬০ পয়েন্ট বাড়ে। ৩৫ মিনিটে কমেছিল ৩০ পয়েন্ট। বেলা ১১টা ৪৫ মিনিটে সূচক আবারও ঊর্ধ্বমুখী হয়। এভাবে ওঠানামা করে বেলা একটার পর থেকে সূচক হয় নিম্নমুখী, যা সারা দিনই অব্যাহত থাকে।আজ লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ২০৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার পাঁচ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩৪ কোটি টাকা কম।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২৪টি প্রতিষ্ঠানের দাম কমেছে। এ ছাড়া সিমেন্ট খাতের ছয়টির মধ্যে পাঁচটির, প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ১৯টির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৮টির, জ্বালানি খাতের ১৩টির মধ্যে ১১টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৭টির, মিউচুয়াল ফান্ড খাতের ৩৬টির মধ্যে ২৩টির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৮টির, বস্ত্র খাতের ২৪টির মধ্যে ১৭টির ও টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দর পতন হয়।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, আরএন স্পিনিং, ম্যাকসন স্পিনিং, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট, এনবিএল, এমজেএল বিডি ও মালেক স্পিনিং।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ৩৪৬.৩৪ পয়েন্ট ১৮০২৯.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১২টির, কমেছে ১৮১টির ও অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার ১২০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা কম।