ওঠানামার মধ্য দিয়ে আরেকটি সপ্তাহ পার করল ডিএসই
বছরের প্রথম সপ্তাহে বড় ধরনের ধাক্কার পর রেকর্ড ওঠানামার মধ্য দিয়ে আরেকটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে তিন দিনই রেকর্ড হয় সেখানে। এর মধ্যে রবি ও সোমবার হয় দরপতনের রেকর্ড এবং মঙ্গলবার হয় সূচক বৃদ্ধির রেকর্ড। এ ছাড়া সপ্তাহের পাঁচ দিনের তিন দিন দরপতন ও বাকি দুই দিন চাঙা থাকে ডিএসই। এর পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে সাধারণ সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজার মূলধনও।ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইর সাধারণ মূল্যসূচক সাত দশমিক ৭৬ শতাংশ বা ৬০০ দশমিক ১৯ পয়েন্ট নেমে যায়। পরদিন সোমবার লেনদেনের ৫০ মিনিটের মাথায় সূচক ৬৬০ পয়েন্ট নেমে যায়, যা ডিএসইর ইতিহাসে একদিনে সর্বোচ্চ সূচক কমার রেকর্ড। এর কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ করে দেয়। এ দরপতনে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের বেধড়ক লাঠিপেটা করে। পুলিশের লাঠিপেটায় সেখানে কর্তব্যরত চার সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এদিকে টানা কয়েক দিনের দরপতনের পর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হয়। পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থাগুলো বেশ কিছু বিধি-নিষেধ শিথিল করে।এতে পতনের ধাক্কা সামলে ওঠে বাজার। মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচক ১৫ দশমিক ৫৮ শতাংশ বা ১০১২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে যায়; যা ডিএসইর ইতিহাসে এক দিনে সূচক বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০০৯ সালের ১৬ নভেম্বর বাজারে গ্রামীণফোনের শেয়ার লেনদেন শুরুর দিন ডিএসইতে সর্বোচ্চ ৭৬৪ পয়েন্ট বাড়ে। বাজারে চাঙাভাবের ধারা বুধবারও স্থায়ী ছিল। ওই দিন সূচক ১৭৮ দশমিক ৫৯ পয়েন্ট বাড়ে। তবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক ১১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে যায়।এদিকে ভয়াবহ দরপতনের পর স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা। কেননা, তাঁরা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী ১:২ হারে মার্জিন ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এ ব্যাপারে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মর্তুজা আহমেদ এসইসির সিদ্ধান্ত অনুযায়ী ঋণ না দেওয়ার কথা স্বীকার করে বলেন, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোতে বেশ তারল্য-সংকট রয়েছে। এ কারণে ১:১.২ ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের চাহিদার কথা বিবেচনা করে বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসে ইতিমধ্যে ১:০.৭৫ হারে ঋণ দেওয়া হচ্ছে। ধীরে ধীরে এ হার বাড়ানো হবে।ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে (৯ থেকে ১৩ জানুয়ারি) সাধারণ মূল্যসূচক দুই দশমিক ছয় শতাংশ বা ১৫৯ দশমিক ২০ পয়েন্ট কমে সপ্তাহ শেষে ৭৫৭৫ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে; যা সপ্তাহের শুরুতে ছিল ৭৭৩৫ দশমিক ২২ পয়েন্টে।একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ১১ দশমিক ৭১ শতাংশ কমে প্রতিদিন এক হাজার ৮৪ কোটি টাকা করে হয়েছে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে পাঁচ হাজার ৪২১ কোটি টাকা।এদিকে সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল কমে তিন লাখ ৩০ হাজার ৪৭২ কোটি টাকা; যা সপ্তাহ শেষে দশমিক ৮৬ শতাংশ কমে তিন লাখ ২৭ হাজার ৬৩২ কোটি টাকায় দাঁড়ায়।গেল সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২১২টির এবং বেড়েছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এনবিএল, ইউসিবিএল, বেক্সিমকো, বেক্সটেক্স, গ্রামীণফোন, সাউথ ইস্ট ব্যাংক, তিতাস গ্যাস, এবি ব্যাংক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিকস, স্ট্যান্ডার্ড সিরামিক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, ডেসকো, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড ও দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড।সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—এশিয়া ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম ভেজিটেবল, সাভার রিফ্রাক্টরিজ, দুলামিয়া কটন, এইচআর টেক্সটাইল, জুট স্পিনার্স, তাল্লু স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, আজিজ পাইপ ও ইমাম বাটন।