ওপর মহলের প্রভাব বিস্তারও ব্যাংকে বড় সমস্যা
>রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক সম্পর্কে ব্যাংকার ও সাধারণ মানুষের মনোভাব নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিবেদন
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর কর্মকাণ্ডে অপ্রত্যাশিত প্রভাব বিস্তার করে সরকারের ঊর্ধ্বতন মহল। প্রথমে তারা প্রভাব বিস্তার করে ঋণ মঞ্জুরের ক্ষেত্রে, পরে আবার করে ঋণ পুনঃতফসিলীকরণে। গুরুতর অসদাচরণ করলেও কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না ওই প্রভাব বিস্তারের কারণে এবং একই কারণে পদোন্নতি পান না ব্যাংকের উপযুক্ত ব্যক্তিরা।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে কর্মরত ব্যাংকাররাই এই কথাগুলো বলেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত শনিবার ‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর অবস্থা পর্যালোচনা: চ্যালেঞ্জ মোকাবিলার উপায়’ শীর্ষক কর্মশালায় যে প্রবন্ধ উপস্থাপন করেছে, তাতে ব্যাংকারদের এই কথাগুলো তুলে ধরা হয়।
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক সম্পর্কে ব্যাংকাররা কী মনে করেন, আবার সেবাগ্রহীতা বা সাধারণ মানুষই-বা কী মনোভাব পোষণ করেন, প্রবন্ধে তা তুলে ধরেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।
ব্যাংকারদের মতে, কোনো মাশুল (ফি) ছাড়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কাজ করে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো এবং এতে তাদের অনেক সময় নষ্ট হয়। প্রধান কার্যালয়সহ রাজধানী ও বড় শহরগুলোতে অনুমোদিত জনবলের চেয়ে বেশি জনবল থাকলেও মফস্বলে জনবলের অভাব থাকে। নতুন শাখা খোলায় বাণিজ্যিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয় না এবং ব্যাংকের যোগ্য কর্মকর্তাদের যথাস্থানে পদায়ন করা হয় না।
ব্যাংকারদের আরও মতামত হচ্ছে, ঋণ দেওয়ার পর কোনো গ্রাহক খেলাপি হয়ে যেতে পারেন। যিনি ঋণ দিয়েছিলেন, তিনি অন্য জায়গায় বদলি হলে নতুন কর্মকর্তা আসেন। কিন্তু নতুন কর্মকর্তা আর আগের জনের দেওয়া ঋণের অর্থ আদায়ে তৎপর থাকেন না। তা ছাড়া খেলাপি ঋণ ও অবলোপন করা ঋণের অর্থ আদায়ে প্রণোদনারও কোনো ব্যবস্থা নেই।
অন্যদিকে সাধারণ মানুষের মনোভাবের চিত্র তুলে ধরে প্রবন্ধে বলা হয়, ঋণগ্রহীতা নির্বাচনে ব্যাংকারদের নিরপেক্ষতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার অভাব রয়েছে। ঋণ প্রস্তাব মূল্যায়নেও রয়েছে তাঁদের পেশাগত দক্ষতার ঘাটতি। ব্যাংকারদের সেবকের মনোবৃত্তি নেই, তাঁরা প্রশিক্ষণ পান না, প্রশিক্ষণ নিতেও চান না।
এ ছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ব্যাংকারদের নতুন পণ্য (প্রোডাক্ট) উদ্ভাবনের প্রচেষ্টা নেই। ব্যাংকগুলোর ঋণ বিতরণের প্রক্রিয়া দীর্ঘ এবং বিতরণের পর কোনো তদারকিও নেই। তারা অন্য ব্যাংকের ঋণ সতর্কতার সঙ্গে যাচাই করে কেনে না এবং মামলা নিষ্পত্তির গুরুত্ব বুঝতে পারে না। ঋণ ও বৈদেশিক বাণিজ্যের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ ছাড়া রয়েছে শ্রমিক ইউনিয়নের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং গ্রাহকের অভিযোগ যথাসময়ে নিষ্পত্তি না করা।
সরকারের ঊর্ধ্বতন মহলের অপ্রত্যাশিত প্রভাবে ঋণগ্রহীতা নির্বাচন ও যোগ্য কর্মকর্তাদের উপযুক্ত জায়গায় পদায়ন না করা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে অনাগ্রহ, খেলাপি ঋণ আদায়ে মনোযোগ না থাকার বিষয়ে সাধারণ মানুষ ও ব্যাংকারদের একই রকম মতামত বলে প্রবন্ধে জানানো হয়।
ব্যাংকের ঋণ অনুমোদন প্রক্রিয়া মোটামুটি এ রকম—শাখা ব্যবস্থাপকের কাছে আবেদন করেন গ্রাহক। জামানত সম্পত্তিসহ প্রয়োজনীয় দলিলপত্র সংগ্রহ, প্রকল্প অঞ্চল পরিদর্শন শেষে আবেদনটি পর্যালোচনা করে শাখা। এর পর আঞ্চলিক কার্যালয় ও বিভাগীয় কার্যালয় ঘুরে তা চলে যায় প্রধান কার্যালয়ে। প্রধান কার্যালয়ের বিনিয়োগ বা ঋণ বিভাগ আবার তা যাচাই করে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠিয়ে দেয়।
এমডি তা উপস্থাপন করেন পর্ষদ বৈঠকে। পর্ষদে আলোচনা শেষে ঋণ অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। নিচ থেকে ওপরের (বটম টু টপ) এটাই হচ্ছে ঋণ অনুমোদনের প্রক্রিয়া। কিন্তু অনেক সময় ওপর থেকে নিচ (টপ টু বটম) পদ্ধতিতেও ঋণ বিতরণ হয়, যা ওপর থেকে নিচে আসে এবং নিচে থেকে শুধু আনুষ্ঠানিকতা অনুসরণ করে দ্রুতগতিতে আবার ওপরে উপস্থাপন করা হয়।
বড় অঙ্কের ঋণ অনুমোদনে মূল দায় মূলত পর্ষদের। কিন্তু পরিচালক বা পর্ষদ সদস্যদের নিয়ে নীরব থেকেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকার বা সাধারণ মানুষের কাছ থেকে পর্ষদ সদস্যদের যোগ্যতা, দায়িত্ব, সততা নিয়ে প্রবন্ধের কোথাও কিছু উল্লেখ করা হয়নি।
যোগাযোগ করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের পর্ষদ সদস্যদের অনেক দায়িত্ব। কিন্তু কীভাবে তাঁরা তা পালন করবেন? পর্ষদ সদস্য নিয়োগই করা হয় সরকারের কিছু খয়ের খা ব্যক্তিকে।’
মইনুল ইসলাম আরও বলেন, সরকার তাঁদের প্রতি কোনোভাবে সদয়। ফলে তাঁরাও সরকারের প্রতি সদয়। কিন্তু সাধারণ মানুষের আমানত তাঁরা যদি দায়িত্বহীনভাবে ও অবিবেচকের মতো কিছু লুটেরার হাতে তুলে দেন, তা কোনোভাবেই মানা যায় না।