ওবামা যুগের যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমে সর্বনিম্ন পর্যায়ে
মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার কমে ৭ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।এটি হচ্ছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে বেকারত্বের সর্বনিম্ন হার।দেশটির শ্রম বিভাগ এই উপাত্ত প্রকাশ করেছে। এর আগে আগস্ট মাসে আমেরিকায় বেকারত্বের হার ছিল ৮ দশমিক ১ শতাংশ। এই হারের চেয়ে সেপ্টেম্বরে বেকারত্ব খানিকটা বাড়বে বলে বিশ্লেষকেরা আশঙ্কা করলেও শেষ পর্যন্ত তা হয়নি।সর্বশেষ উপাত্তে দেখা যায় যে আমেরিকায় সেপ্টেম্বর মাসে নতুন করে এক লাখ ১৪ হাজার লোকের চাকরি হয়েছে। যা প্রত্যাশার চেয়ে বেশি।এদিকে বেকারত্বের হার কমায় ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট ওবামা সেটিকে নির্বাচনীয় প্রচারাভিযানে ইতিবাচক বলে তুলে ধরছেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক সভায় তিনি বলেন, ‘আজ আমি দাবি করছি যে আমরা আবার সঠিক পথেই আগাচ্ছি।’ওবামা বলেন, ‘বেকারত্বের হার কমার মানে হলো আমাদের দেশটি ঘুরে দাঁড়াচ্ছে।’অন্যদিকে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি বলেন, ‘বেকারত্বের হার ৭ দশমিক ৮ শতাংশে নেমে আসাটা কিন্তু সত্যিকার অর্থে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এমন নয়।’এদিকে নিউইয়র্কভিত্তিক ফোরকাস্ট কোম্পানির অর্থনীতিবিদ সিন ইনক্রেমোনা মনে করেন যে আমেরিকার অর্থনীতি এখনো প্রত্যাশার চেয়ে পিছিয়ে রয়েছে। তাঁর মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যেমন ‘খুবই সন্তোষজনক’ নয়, তেমনি অত্যন্ত ভয়াবহও নয়।তবে রোড আইল্যান্ডভিত্তিক কমনওয়েলথ ফরেন এক্সচেঞ্জের অর্থনীতিবিদ ওমর এসিনার অবশ্য বেকারত্ব কমাকে একটি বিস্ময়কর খবর বলে উল্লেখ করেন। সূত্র: বিবিসি।