ওবামার বাজেটে উচ্চ ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তিন লাখ ৮০ হাজার কোটি ডলারের বাজেট মার্কিন কংগ্রেসের কাছে পাঠিয়েছেন। এতে কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন পদক্ষেপের জন্য ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে। এ জন্য অন্য খাতে কিছু কাটছাঁট করা হয়েছে।তবে ২০১১ সালের জন্য বাজেটে ঘাটতি বেড়ে হয়েছে এক লাখ ৬০ হাজার কোটি ডলার, যা আগের বাজেটে ছিল এক লাখ ৪০ হাজার কোটি ডলার। ওবামার প্রস্তাবিত বাজেটে চাঁদে অভিযান কর্মসূচি বাদ দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ২০০৪ সালে চাঁদে মার্কিন ঘাঁটি স্থাপনের ঘোষণা দেন। ওবামা মনে করেন, নাসা বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে উত্সাহিত করে তাদের কাছ থেকে অর্থ পেতে পারে, যা দিয়ে নভোযান তৈরি ও উেক্ষপণের ব্যয় মেটানো যেতে পারে। ওবামার বাজেটে ১২০টি সরকারি কর্মসূচিতে ব্যয় কমানোর প্রস্তাব করা হলেও শিক্ষা ও প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়ছে।কর্মসংস্থান বাড়ানোর জন্য ওবামাকে চলতি বছরই তিন লাখ ৭২ হাজার কোটি ডলার ব্যয় করতে হচ্ছে। আর আগামী বছরের বাজেটে এ ব্যয় বরাদ্দ তিন শতাংশ বেড়ে তিন লাখ ৮৩ হাজার কোটি ডলার হবে।বিশ্লেষকেরা বলছেন, পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশ ঘটিয়ে একদিকে ওবামা সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছে, অন্যদিকে কিছু খাতে ব্যয় হ্রাস করে বাজেট ঘাটতি কমিয়ে রাখতে চাইছে। অবশ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা) মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ওবামা বাজেট পেশ করেননি। সূত্র: বিবিসি