ওমরা এজেন্টের এক লাখ রিয়াল পর্যন্ত নিশ্চয়তা ব্যাংকই দেবে
বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই এখন থেকে ওমরা এজেন্টের এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে পারবে ব্যাংকগুলো।
উল্লেখ্য, এর আগে এসব গ্যারান্টির জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হত।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গতকাল সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে নির্দেশনাতে ব্যাংক গ্যারান্টির আবেদন বিবেচনার ক্ষেত্রে তিনটি শর্ত পালন করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
প্রথমত, গ্যারান্টির আবেদন করা প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এজেন্সির লাইসেন্সের তারিখ ও মেয়াদ শেষের তারিখ উল্লেখ থাকতে হবে।
দ্বিতীয়ত, সংশ্লিষ্ট বৈদেশিক বিনিময়সংক্রান্ত শাখা ব্যাংক বাংলাদেশি ওমরা এজেন্ট ও সৌদি আরবের ওমরা সেবা প্রদানকারী এজেন্টের মধ্যেকার চুক্তিপত্রের সত্যতা নিশ্চিত করবে।
তুতীয়ত, আবেদনকারী প্রতিষ্ঠানের ইতিপূর্বের কাজে সন্তুষ্ট থাকতে হবে ব্যাংককে।