ওয়াটা কেমিক্যালসের শেয়ার দাম বাড়ল ৭১৬ শতাংশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারের দাম ৭১৬ শতাংশ বেড়েছে। ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজার থেকে মূল বাজারে ফেরার পর গতকাল সোমবার এ চিত্র দেখা গেছে। 

২০১৩ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। এ কারণে গতকাল শেয়ারের দাম ওঠা-নামায় কোনো সীমা ছিল না।

এই লভ্যাংশ ঘোষণা করা হলেও ৭১৬ শতাংশ দাম বাড়াকে অস্বাভাবিক মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তা ছাড়া গত অর্থবছরে প্রতিষ্ঠানের যে শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে, তার সঙ্গে দাম বাড়ার হারও অস্বাভাবিক বলে মনে করছেন তাঁরা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণার পর এক দিনে ৭১৬ শতাংশ বৃদ্ধি পাওয়া ভালো লক্ষণ নয়।

এ বিষয়টি বাংলাদেশ সিকিউরি​িটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরে এসেছে বলে প্রথম আলো​কে জানিয়েছেন কমি​শনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন৷ তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছি৷ ডিএসইকেও আগামীকালের (আজ মঙ্গলবার) মধ্যে প্রতিবেদন দিতে বলেছি৷’  

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ওয়াটা কেমিক্যালস লিমিটেড। ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানিটি সর্বশেষ ২০১২ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারধারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর আগে নিয়মিত লভ্যাংশ না দেওয়ায় এবং নিয়মিত বার্ষিক সাধারণ সভা না করায় অনেকটা শাস্তিস্বরূপ ২০১০ সালে বিকল্প ওটিসি বাজারে পাঠানো হয় এই কোম্পানিকে।

সাধারণত নিয়মিত এজিএম না করা, লভ্যাংশ না দেওয়া, সময়মতো আর্থিক প্রতিবেদন জমা না দেওয়া, কোম্পানির উৎপাদন বন্ধ হওয়া, শেয়ার ডিমেট না হওয়া প্রভৃতি কারণে কোম্পানিকে ওটিসি বাজারে পাঠানো হয়। এসব শর্ত পূরণ হলে আবার তাদের মূল বাজারে ফিরিয়ে আনা হয়।

প্রায় আড়াই বছর ওটিসি বাজারে থাকার পর গত ১৪ মে মূল বাজারে লেনদেন শুরু হয় প্রতিষ্ঠানটির শেয়ার। এরপর মাত্র দুই দিন প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়। বাকি দিনগুলোতে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় শেয়ার লেনদেন হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওয়াটা কেমিক্যালসের পরিশোধিত মূলধন চার কোটি ৮৬ লাখ টাকা। এই হিসাবে শেয়ারসংখ্যা ৪৮ লাখ ৬০ হাজার। এর মধ্যে ৪০ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। বাকি ৬০ শতাংশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৩৬ দশমিক ১০ শতাংশ। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে মাত্র ২৩ দশমিক ৯০ শতাংশ শেয়ার।

মিজানুর রহমান আরও বলেন, এ ক্ষেত্রে বাজারে শেয়ারসংখ্যা কম হওয়ায় কৃত্রিম সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে। অনেকে হাতে থাকা শেয়ার বিক্রি করতে চাইছেন না। যে কারণে এই উল্লম্ফন। তবে ইপিএস অনুযায়ী আজকের দামের উল্লম্ফন সমর্থনযোগ্য নয়।

ওয়াটা কেমিক্যালস লিমিটেডের কোম্পানি সচিব শামসুল হক প্রথম আলোকে বলেন, রোববার ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
করা হয়। গতকাল ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। লভ্যাংশ ঘোষণার পরদিন শেয়ারের দামে কোনো মূল্যসীমা থাকে না। তাই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে।

লভ্যাংশ ঘোষণা ছাড়া অন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। এমনকি কোম্পানি নতুন করে কোনো উৎপাদন সম্প্রসারণেও যাচ্ছে না বলে জানান শামসুল হক।

জানা যায়, মূল বাজারে ফেরার পর গত রোববার ওয়াটা কেমিক্যালসের পর্ষদ ২০১৩ হিসাব বছরে শেয়ারধারীদের ওই লভ্যাংশ ঘোষণা করে। গতকাল ডিএসইতে ওয়াটা কেমিক্যালসের শেয়ারের সর্বশেষ দাম ছিল ৪৮৮ টাকা। এই হিসাবে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭১৬ দশমিক ৫ শতাংশ বা ৪২৮ টাকা ২০ পয়সা বেড়েছে। গতকাল এই প্রতিষ্ঠানের ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে ওয়াটা কেমিক্যালসের কর-পরবর্তী প্রকৃত মুনাফা দুই কোটি ৯৭ লাখ টাকা এবং ইপিএস হয়েছে ছয় টাকা ১৩ পয়সা।

সালফিউরিক অ্যাসিড, ফিটকিরি, জিংক সালফেট ও ম্যাগনেশিয়াম সালফেট উৎপাদন করে ওয়াটা কেমিক্যালস।