ওয়াটা কেমিক্যালের শেয়ারের দাম ৪২৮ টাকা বেড়েছে
ওভার দ্য কাউন্টার বাজার থেকে মূল বাজারে ফেরা ওয়াটা কেমিক্যাল লিমিটেডের শেয়ারের দামে আজ সোমবার ব্যাপক উল্লম্ফন লক্ষ করা গেছে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম আজ প্রায় ৭১৬ শতাংশ বা ৪২৮ টাকা বেড়েছে। লভ্যাংশ ঘোষণার কারণে মূলত মূল্য সীমা না থাকায় প্রতিষ্ঠানটির শেয়ারের দামে এই উল্লম্ফন।
ডিএসই সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওটিসি বাজারে থাকার পর গত ১৪ মে মূল বাজারে লেনদেন শুরু হয় ওয়াটা কেমিক্যালের। মূল বাজারে ফেরার পর মাত্র দুদিন প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়। বাকি দিনগুলো বিক্রেতাশূন্য থাকায় শেয়ার লেনদেন হয়নি।
প্রতিষ্ঠানটি গতকাল রোববার ২০১৩ সালের জন্য ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। ফলে আজ সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে কোনো মূল্য সীমা ছিল না। আর এই সুযোগে এই প্রতিষ্ঠানের শেয়ার দরে উল্লম্ফন লক্ষ করা যায়।
আজ ডিএসইতে ওয়াটা কেমিক্যালের শেয়ারের সর্বশেষ দাম ছিল ৪৮৮ টাকা। এই হিসাবে আজ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭১৬ দশমিক ৫ শতাংশ বা ৪২৮ টাকা ২০ পয়সা বেড়েছে। প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৩৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫১৫ টাকা পর্যন্ত ওঠে। আজ এ প্রতিষ্ঠানের ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।
এ দিকে আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়াটা কেমিক্যালের কর পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে দুই কোটি ৯৭ লাখ টাকা এবং ইপিএস হয়েছে ৬ টাকা ১৩ পয়সা।