ওরিয়ন ফার্মার আইপিও অনুমোদন করল এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরিয়ন ফার্মার প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।এসইসি গতকাল মঙ্গলবার এক সভায় ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানির আইপিও ছাড়ার আবেদন অনুমোদন করে। একই সভায় তালিকাভুক্ত একটি কোম্পানির রাইট বা অধিকারমূলক শেয়ার ছাড়ার প্রস্তাব বাতিল করা হয়েছে।এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ওরিয়ন ফার্মা আইপিওর মাধ্যমে বাজারে চার কোটি শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৫০ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে এসইসি কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করেছে ৬০ টাকা। স্থির মূল্য পদ্ধতিতে এই দাম নির্ধারণ করা হয়েছে। এসইসি আরও জানিয়েছে, ওরিয়ন ফার্মা আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৪০ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিও আবেদনের সঙ্গে কোম্পানিটি ২০১১ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন দাখিল করে। তাতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে পাঁচ টাকা ৫৭ পয়সা। একই সময় শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি দেখানো হয়েছে ৭৬ টাকা ৮৬ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এদিকে ন্যূনতম শেয়ারধারণের শর্ত পরিপালন না করায় তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) অধিকারমূলক শেয়ার ছাড়ার প্রস্তাব বাতিল করেছে এসইসি। এর আগে গত ২৪ এপ্রিল এসইসি শর্ত সাপেক্ষে কোম্পানিটির অধিকারমূলক শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছিল। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে প্রায় ১০ কোটি টাকা সংগ্রহের কথা ছিল। তবে অনুমোদনপত্রে এসইসি বলেছিল, সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের আগে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের শর্ত পরিপালন করতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিটি এই শর্ত পরিপালনে ব্যর্থ হয়। কমিশনের গতকালের সভায় রহিমআফরোজ গ্লোবেট লিমিটেডকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি প্রতিটি ১০০ টাকা অভিহিত মূল্যে ৩০ লাখ প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার ছেড়ে এই মূলধন সংগ্রহ করবে। এ ছাড়া সোনালী ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তাদের কাছ থেকে সংগৃহীত টাকা পুঁজিবাজারে বিনিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে এসইসি।