ওরিয়ন ফার্মার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এসইসি
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে একটি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ সভায় ওই কোম্পানির আইপিওর বিষয়ে আলোচনা করার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কমিশন। আজ বৃহস্পতিবার এসইসির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে। এসইসি সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল এসইসিতে আইপিওর অনুমোদনের জন্য ওরিয়ন ফার্মা লিমিটেড প্রসপেক্টাস জমা দেয়, যার কপি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রদান করা হয়। পরে কমিশন প্রযোজ্য আইন ও বিধি বিধানের পরিপালন নিশ্চিত করার জন্য ওই কোম্পানিকে একটি ডিফিসিয়েন্সি পত্র ইস্যু করে। ওরিয়ন ফার্মা আনুষঙ্গিক কাগজপত্র ও ডিফিসিয়েন্সি পত্রের জবাবসহ সংশোধিত প্রসপেক্টাস কমিশনে দাখিল করে। কমিশন ডিফিসিয়েন্সি পত্রের জবাব ও দাখিলকৃত কাগজপত্র পরীক্ষার পর গত ১৬ অক্টোবর ওরিয়ন ফার্মার আইপিও অনুমোদন করে।এদিকে এসইসির ডিফিসিয়েন্সি পত্রের জবাবসহ সংশোধিত প্রসপেক্টাস আইপিওর অনুমোদনের মাত্র দুই দিন আগে অর্থাত্ ১৪ অক্টোবর জমা দেওয়া হয় বলে ডিএসই সূত্রে জানা যায়। মাত্র দুই দিনে সংশোধিত ওই প্রসপেক্টাস পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব নয়। তাই বিষয়টি নিয়ে ডিএসইর পর্ষদ সভায় আলোচনা হয় বলে জানা যায়। আর এ বিষয়েই ব্যাখ্যা চেয়েছে এসইসি।এসইসির পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ওরিয়ন ফার্মার বিষয়ে কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছে এসইসির ওই চিঠিতে। এসইসির চাহিদা অনুযায়ী ডিএসইর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা যথাসময়ে প্রদান করা হবে বলেও জানান তিনি।এদিকে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের প্রকাশিত আর্থিক প্রতিবেদনের বিষয় নিয়ে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে। তবে মোশাররফ হোসেনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এসইসির কোনো চিঠি পাননি বলে প্রথম আলো ডটকমকে জানান।