
ফার্মেসিতে রংবেরঙের ওষুধ পাওয়া যায়। কোনো ট্যাবলেট লাল, কোনোটি সাদা, আবার কোনোটি হলুদ। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো গুণগত মান ঠিক রেখে এসব ট্যাবলেটে আলাদা মেশিন দিয়ে বিভিন্ন রঙের প্রলেপ দেওয়া হয়। তাই এসব মেশিনের বিশেষ বাজারও রয়েছে।
মেশিনটির নাম ট্যাবলেট কোটিং মেশিন। অষ্টম এশিয়া ফার্মা এক্সপোর সাকা ইন্টারন্যাশনাল লিমিটেডের স্টলে বিশাল আকারের এমন একটি মেশিন প্রদর্শন করা হয়েছে। প্রতিষ্ঠানটি ভারতের গ্ল্যাট সিস্টেমস প্রাইভেট লিমিটেডের ট্যাবলেট কোটিং মেশিনের এদেশীয় পরিবেশক।
মেলা প্রাঙ্গণের প্রথম ছাউনিতে ঢুকতেই ঢাউস আকারের এ মেশিন চোখে পড়ে। এর সামনে ভিড় একটু বেশি। তবে স্টলের কর্মকর্তারা জানালেন, ইতিমধ্যে মেশিনটি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিনে ফেলেছে।
এ ছিল গতকাল শনিবার তিন দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিনের চিত্র। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও ভারতের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জিপিই প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনী হয়েছে। মূলত দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এ প্রদর্শনী থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও কাঁচামাল সম্পর্কে ধারণা নিয়েছেন। অনেকে ক্রয়াদেশও দিয়েছেন।
গ্ল্যাট সিস্টেমসের বিক্রয় ব্যবস্থাপক সঞ্জীব তামহান প্রথম আলোকে বলেন, মেলায় প্রদর্শিত ট্যাবলেট কোটিং মেশিন দিয়ে একসঙ্গে প্রায় ১০০ কেজি ওজনের ট্যাবলেটের ওপরে রঙের প্রলেপ দেওয়া সম্ভব হয়। বাংলাদেশের নামজাদা অনেক প্রতিষ্ঠানই গ্ল্যাটের এ মেশিন ব্যবহার করে।
ক্যাপসুল ওষুধের সঙ্গে সবাই কমবেশি পরিচিত। হাতের স্পর্শ ছাড়াই মেশিনের সাহায্যে ক্যাপসুলে ওষুধ প্রবেশ করানো হয়। ক্যাপসুল ফিলিং মেশিনও এবারের প্রদর্শনীতে এসেছে। ভারতের প্যাসিফ্যাব ব্র্যান্ডের ফিলিং মেশিন প্রদর্শন করেছে বাংলাদেশের ফ্যাবিটেক টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান। মেশিনটির দাম ১ লাখ ৩০ হাজার ডলার। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ৯০ হাজার ক্যাপসুলে ওষুধ প্রবেশ করানো সম্ভব। প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বেশ কয়েকটি কোম্পানি ক্যাপসুল ফিলিং মেশিন কেনার আগ্রহ প্রকাশ করেছে।
বিদেশি মেশিনের বাইরে ওষুধ খাতে দেশি মেশিনও ব্যবহৃত হয়। ট্যাবলেট প্যাকেটজাত করার জন্য মেশিন তৈরি করেছে পুরান ঢাকার টিপু সুলতান সড়কের ফাতেমা ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মেশিনের দাম সাড়ে আট লাখ টাকা। প্রতি মিনিটে ৩০ পাতা ওষুধ প্যাকেটজাত করতে পারে ফাতেমা ইঞ্জিনিয়ারিংয়ের মেশিন।
ফার্মা এক্সপোতে ওষুধের কাঁচামালের বিক্রেতা ও পরিবেশকদের স্টল রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান কনেল ব্রুস বিভিন্ন ধরনের ৬০ থেকে ৭০ ধরনের ওষুধের কাঁচামাল সরবরাহ করে থাকে। তারা যে ব্র্যান্ডের কাঁচামাল সরবরাহ করে, তাদের মধ্যে অন্যতম হলো ডিএফই, অ্যাশল্যান্ড, ফুজি কেমিক্যাল, হাম্বার, ক্রেমার, তাকাসুগো ও স্ট্যার্ন ভিটামিন।
এবারের প্রদর্শনীতে মেশিন কিংবা কাঁচামাল নয়; ওষুধ কারখানার কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য পোশাকসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা যন্ত্রপাতির প্রদর্শনীও হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থ্রিএম ব্র্যান্ডের নিরাপত্তা পোশাক, হেলমেট, গ্লাভস, মাস্ক, জুতাসহ নানা ধরনের পণ্যের বাংলাদেশের পরিবেশক অল ইন টেকনোলজিস। এ প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা মোরশেদুল আলম প্রথম আলোকে বলেন, এবারের প্রদর্শনীতে ব্যক্তিগত নিরাপত্তাসামগ্রীর চাহিদা চোখে পড়েছে।
এবারের প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, ভারত, চীন, কোরিয়া, থাইল্যান্ডসহ ৮০টি দেশ অংশ নিয়েছে। প্রদর্শনীতে মূলত ওষুধশিল্পের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহকারীদের প্রায় চার শ স্টল ছিল। গতকাল শনিবার রাতে প্রদর্শনী শেষ হয়েছে।
ভারতীয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জিপিই প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আনন্দ মেহতা প্রথম আলোকে বলেন, গতবারের চেয়ে এবার দর্শনার্থীর সমাগম বেশি।
গত বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, গত অর্থবছরে ১১৭টি দেশে ৬৫০ কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে বাংলাদেশ। আর দেশের মোট অভ্যন্তরীণ চাহিদা ৯৮ শতাংশ পূরণ করা হচ্ছে দেশি ওষুধ দিয়ে।