ওষুধ রপ্তানি বৃদ্ধিতে এখনই বিদেশে বিনিয়োগ নয়: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার ওষুধশিল্পের সম্প্রসারণ চায়। তবে ওষুধের রপ্তানি বাড়াতে বিদেশে বিনিয়োগের প্রয়োজনীয়তা নিরূপণ এবং এ-সংক্রান্ত নিয়মকানুন প্রণয়নের পদক্ষেপ আলোচনা সাপেক্ষে করা হবে।রাজধানীর একটি হোটেলে গত শনিবার ‘ফার্মা ভিশন-২০১৫’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এই সেমিনারের আয়োজন করে। অর্থমন্ত্রী বলেন, ওষুধশিল্পে সাবধানতা বেশি দরকার মান সঠিক রাখার জন্য। এ জন্য প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে কঠোর হওয়ার কথা বলেন তিনি।অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, কিছু কোম্পানি নকল ও নিম্নমানের ওষুধ তৈরি করছে। কিন্তু এটা বন্ধ করা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। প্যারাসিটামলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এটা মেনে নেওয়া যায় না।’অনুষ্ঠানের মূল উপস্থাপনায় সমিতির মহাসচিব আবদুল মুক্তাদির বলেন, দেশে ২৫৭টি কোম্পানির নিবন্ধন আছে। এর মধ্যে বর্তমানে ১৯৪টি কোম্পানি ওষুধ উৎপাদন করছে। দেশের শীর্ষস্থানীয় পাঁচটি কোম্পানি ৪৫ শতাংশ ওষুধ উৎপাদন করে। অন্যদিকে ১৫৪টি কোম্পানি মাত্র চার শতাংশ উৎপাদন করে। বর্তমানে বাংলাদেশ ৮০টি দেশে ওষুধ রপ্তানি করলেও রপ্তানি আয়ের পরিমাণ কম। তিনি বলেন, সরকার কিছু নীতিগত সিদ্ধান্ত নিলে ওষুধ রপ্তানির পরিমাণ অনেক বাড়ানো সম্ভব।স্বাগত বক্তব্যে সমিতির উপদেষ্টা নাজমুল হাসান বলেন, রপ্তানি বাড়ানোর জন্য ওষুধ কোম্পানিগুলো কোনো প্রণোদনা চায় না। তারা চায়, বাধাগুলো সরকার সরিয়ে নিক।প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, গত ২০ থেকে ২৫ বছরে ওষুধশিল্পের যে প্রসার ঘটেছে, তাতে ধারণা করা যায়, ওষুধ রপ্তানির ক্ষেত্রে বড় সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশের সম্পদ উপযুক্তভাবে কাজে লাগানো সম্ভব হলে এই খাত আরও এগিয়ে যাবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সরকার ওষুধকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। এই শিল্পের উন্নয়নে সরকার অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট (এপিআই) পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে।প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, সরকার ওষুধশিল্পের ব্যাপারে আন্তরিক। তবে সমিতির পক্ষ থেকে কর্মতৎপরতার ঘাটতি আছে।অনুষ্ঠানের ও সমিতির সভাপতি সালমান এফ রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে ওষুধ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এখন ভারত। তিনি বলেন, সরকার দৃঢ় কোনো সিদ্ধান্ত নিলে এ শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে।