>

মেধাস্বত্ব আইন থেকে বাংলাদেশের ওষুধশিল্প আরও ১৭ বছরের জন্য অব্যাহতি পেয়েছে। এর ফলে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জেনেরিক ওষুধ উৎপাদনের জন্য মেধাস্বত্ব আইন প্রযোজ্য হবে না। স্বল্পোন্নত দেশগুলোর জন্য এই সুবিধাটি দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। বাংলাদেশের ওষুধশিল্পের বাজার এখন ১৬ হাজার কোটি টাকার। প্রয়োজনীয় ৯৮ ভাগ ওষুধ এখন দেশেই উৎপাদিত হচ্ছে। এই অব্যাহতির ফলে বাংলাদেশের ওষুধশিল্প কীভাবে উপকৃত হবে—এ নিয়েই প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান
প্রথম আলো: ১৭ বছরের এই ছাড় থেকে কী পেল বাংলাদেশের ওষুধশিল্প? লাভ কী হবে এতে?
এস এম শফিউজ্জামান: এই ছাড়টা বাংলাদেশের ওষুধশিল্পের জন্য একটা ভালো খবর। এ থেকে সবচেয়ে উপকৃত হবে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র মানুষ। এখনো এমন অনেক মানুষ আছেন, যাঁরা ওষুধের দাম দুই টাকা হলে পুরো কোর্স ওষুধ কিনে খান, দামটা বেশি হলে আর কিনতে পারেন না। ছাড় না পেলে ওষুধের বাজারটা উন্নত বিশ্বের মুষ্টিমেয় কিছু প্রতিষ্ঠানের হাতে চলে যেত। ওষুধের দাম হতো আকাশচুম্বী। ব্যাপারটা বুঝিয়ে বলি। উন্নত বিশ্বে কোনো প্রতিষ্ঠান যখন কোনো একটি ওষুধ তৈরি করে, তখন তারা সেটির পেটেন্ট করে নেয়। এতে করে কেবল ওই প্রতিষ্ঠানটিই ওষুধটি উৎপাদন ও দাম নির্ধারণ করতে পারে। আর এই সুবিধাটা তারা ভোগ করে উৎপাদনের ২০ বছর পর পর্যন্ত। ছাড় থাকায় বাংলাদেশ যে সুবিধাটি পায় তা হলো যেকোনো ওষুধ যেকোনো জায়গায় উৎপাদনের পরপরই তা আমরা উৎপাদন করতে পারি, দেশের বাজারে তো বটেই, বিদেশেও রপ্তানি করতে পারি। ধরুন, ক্যানসারের ওষুধ আমরা এখন নিজেরাই তৈরি করছি। ডায়াবেটিস রোগীদের আগে তিনবার ইনসুলিন নিতে হতো, এখন রাতে ঘুমানোর আগে একবার নিলেই চলে। এই ইনসুলিন এখন বাংলাদেশে হচ্ছে। আমরা আমেরিকান বা ব্রিটিশ ফার্মাকোপিয়া থেকে ওষুধ তৈরির পদ্ধতিটা জেনে বাংলাদেশে উৎপাদন করছি।
প্রথম আলো: বাংলাদেশ তো ওষুধ রপ্তানি করে থাকে। কতগুলো দেশে, কী ধরনের ওষুধ রপ্তানি হচ্ছে?
এস এম শফিউজ্জামান: এখন আমরা এক শটির বেশি দেশে ওষুধ রপ্তানি করছি। বাংলাদেশে উৎপাদিত দুই শ ধরনের ওষুধ এখন এই দেশগুলোয় ব্যবহৃত হচ্ছে। শুধু ব্যবহার বললে ভুল হবে, বাংলাদেশের ওষুধ সমাদৃত হচ্ছে। ওষুধ উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি অনুসরণ করতে হয়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই শর্তগুলোকে আরও কঠিন করেছে। সংস্থা এই শর্তগুলোকে বলছে সিজিএমপি বা কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো নিয়মিত বিদেশে ওষুধ রপ্তানি করছে, তারা এই শর্তগুলোও পূরণ করতে পেরেছে। ওষুধের মানের কারণেই আসলে বাংলাদেশের ওষুধের একটা চাহিদা তৈরি হয়েছে। আগে একটি ভবনের বিভিন্ন তলায় আমরা বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন করতে পারতাম। শর্ত পূরণ করতে গিয়ে এখন আমরা একেকটি ওষুধের জন্য আলাদা একটি ভবন ব্যবহার করছি।
আমরা বিভিন্ন ধরনের ওষুধ রপ্তানি করছি। এর মধ্যে যেমন ট্যাবলেট আছে, তেমনি ইনজেকশন আছে, ব্যথানাশক, অ্যাসিডিটির ওষুধ এবং অ্যান্টিবায়োটিক আছে।
প্রথম আলো: এই ১৭ বছরে বাংলাদেশের ওষুধশিল্পকে এগিয়ে নিতে আপনাদের পরিকল্পনাটা কী?
এস এম শফিউজ্জামান: দেখুন, এ মুহূর্তে আমরা যে ওষুধ তৈরি করছি, তার মাত্র ২০ শতাংশ কাঁচামাল বাংলাদেশে উৎপাদিত হয়। আমরা ভারত ও চীন থেকে মূলত কাঁচামাল আনি। এর বাইরে জাপান, জার্মানি, ইতালি, ব্রাজিল ও আমেরিকা থেকেও কাঁচামাল আনতে হয়। সুখের কথা হলো আমরা আগামী বছর থেকে কাঁচামাল উৎপাদনের কাজ শুরু করতে পারব। আমাদের এপিআই পার্ক (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট) থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এ বছরের শেষে বা আগামী বছরের শুরু থেকে প্লট বরাদ্দ দেওয়া শুরু হবে। কাঁচামাল যখন দেশেই উৎপাদিত হবে, তখন ওষুধের দামটা আরও কমে আসবে।
প্রথম আলো: বাংলাদেশ যদি এর মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যায়, তাহলে তো আর এই ছাড়টা থাকবে না। তখন কী হবে?
এস এম শফিউজ্জামান: আপনার চোখে পড়ে থাকবে, স্কয়ার ফার্মা ও বেক্সিমকো ফার্মা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের স্বীকৃতি পেয়েছে। এটা কিন্তু বিরাট অর্জন। আশা করছি, অল্প সময়ের মধ্যে এ তালিকায় আরও কমপক্ষে পাঁচটি প্রতিষ্ঠান যুক্ত হবে। বাংলাদেশ যে গতিতে আগাচ্ছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না। বিশ্ববাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন ভারত। ভারতে ওষুধের দাম বাড়ছে। ওদের কর্মীদের বেতন বাড়ায় দাম বাড়াতে হয়েছে। ওরা যে দামে ওষুধ রপ্তানি করছে, তার চার ভাগের এক ভাগ দামে আমরা দিতে পারি। আমাদের ওষুধের মানও ভারতের তৈরি ওষুধের চেয়ে ভালো। শ্রীলঙ্কা, নেপাল তো এখন ভারতের তৈরি ওষুধের পরিবর্তে বাংলাদেশ থেকে ওষুধ নিচ্ছে বেশি। ইউরোপের বহু দেশে বাংলাদেশি ওষুধ যাচ্ছে। ওষুধ রপ্তানির পরিমাণ এ সময়ের মধ্যে বাড়বে বলেই বিশ্বাস করি আমরা।
সাক্ষাৎকার গ্রহণে শেখ সাবিহা আলম