ওষুধশিল্পের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু
ওষুধ রপ্তানিতে নগদ সহায়তার সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয়
ওষুধ রপ্তানিকারকদের সরকারের পক্ষ থেকে নগদ সহায়তা দেওয়ার জন্য সুপারিশ করবে বাণিজ্য মন্ত্রণালয়।
তিন দিনের এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘রপ্তানি পণ্য বহুমুখীকরণে বিভিন্ন খাতে নগদ সহায়তা দেওয়া প্রয়োজন। তাই ওষুধ রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে আমি সরকারের কাছে সুপারিশ করব।’
তোফায়েল আরও বলেন, বর্তমান সরকার তৈরি পোশাকশিল্পের বাইরে চারটি খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেগুলো হচ্ছে ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া ও চামড়াজাত শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাত। এসব খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া ফার্মা এক্সপো। বাংলাদেশ ওষুধশিল্প সমিতি সপ্তমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক, ওষুধশিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, মহাসচিব আবদুল মুক্তাদির প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বর ওষুধশিল্পের পেটেন্ট রাইটের মেয়াদ শেষ হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পত্তি অধিকারবিষয়ক কমিটির সভায় এ মেয়াদ বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে। বাংলাদেশের ওষুধশিল্প রক্ষায় সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। ডব্লিউটিওর মহাপরিচালকও বাংলাদেশ সফরে এসে এ দেশের ওষুধশিল্প খাতের ভূয়সী প্রশংসা করেছেন।
এ ছাড়া বিদেশে বাংলাদেশের রপ্তানিবাজার সম্প্রসারণে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করার ক্ষেত্রেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
এর আগে ওষুধশিল্প সমিতির পক্ষ থেকে সংগঠনটির সভাপতি সালমান এফ রহমান ওষুধ রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তার দাবি জানান। তিনি বলেন, আগামী চার-পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হবে ওষুধ। এরই মধ্যে বাংলাদেশ ওষুধের কাঁচামাল উৎপাদন শুরু করেছে। দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ওষুধ রপ্তানির ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
রপ্তানি বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তরেরও মান বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন এর মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন মল্লিক। তিনি বলেন, হারবাল খাতটিকেও উন্নত করা দরকার। এ সময় তিনি চিকিৎসকদের নিয়ে ওষুধ কোম্পানিগুলোর মধ্যে যে অসম প্রতিযোগিতা চলছে তা বন্ধের অনুরোধ জানান।
আবদুল মুক্তাদির জানান, এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের প্রায় পাঁচ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশের ওষুধশিল্পে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি ঘটছে। রপ্তানির বাজার সম্প্রসারণের সুযোগটিকে কাজে লাগানো গেলে প্রবৃদ্ধি আরও বাড়বে।
১০ জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। ওষুধশিল্প সমিতির এই আয়োজনে সহায়তা করেছে জিপিই প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।