
দেশের বাজারের সিংহভাগ দখলের পর দেশের ওষুধশিল্প এখন উড়াল দেওয়ার পথে। এ খাতের উদ্যোক্তারা বলেছেন, বিশ্বের ১২৭টি দেশে এখন বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। যদিও তা পরিমাণে কম। তবে আগামী ১০ বছরের মধ্যে বিশ্বের ওষুধ-বাণিজ্যের ১০ শতাংশ দখল করা সম্ভব। এতে ওষুধ রপ্তানির পরিমাণ দাঁড়াবে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার।
ওষুধশিল্পের কাঁচামাল ও সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী ‘নবম এশিয়া ফার্মা এক্সপো-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওষুধশিল্পের মালিকেরা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী শুরু হয়। আগামীকাল শনিবার এটি শেষ হবে। জিপিই প্রাইভেট লিমিটেডের সহায়তা এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। একই স্থানে ওষুধ পরীক্ষাগারের যন্ত্রপাতির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
প্রদর্শনীতে বিশ্বের ৩৫টি দেশের প্রায় ৫০০ কোম্পানি অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এসব কোম্পানি ওষুধ উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল, ওষুধ মোড়কীকরণের যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রদর্শন করছে।
আইসিসিবিতে উদ্বোধনী অনুষ্ঠােন ওষুধ খাতের উদ্যোক্তারা বলেন, দেশে ওষুধের বাজারের আকার এখন বছরে ১৬ হাজার কোটি টাকা। মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হচ্ছে। শুধু সাধারণ নয়, কোম্পানিগুলো এখন ভ্যাকসিন, ক্যানসারের ওষুধ, ইনসুলিনসহ বিভিন্ন ধরনের জটিল ও আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ তৈরি করছে। তবে রপ্তানি বাজার ধরতে উদ্যোক্তারা রপ্তানির বিপরীতে ১০ শতাংশ নগদ সহায়তা ও অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই) শিল্প পার্কে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দাবি করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের ওষুধশিল্প ২০৩৩ সাল পর্যন্ত মেধাস্বত্বে ছাড় পেয়েছে। উদ্যোক্তারা এ সুবিধা আর পাঁচ বছরের জন্য পেলেই খুশি হতেন। তবে সরকারের প্রচেষ্টায় তা ১৭ বছর হয়েছে। তিনি কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের দাবিকে যৌক্তিক হিসেবে উল্লেখ করেন। এ দাবি পূরণে উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস দেন।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, দেশের ওষুধশিল্প সবদিক দিয়ে পরিপক্বতা অর্জন করেছে। মান বেড়েছে, সরকারের নিয়ন্ত্রণও উন্নত হয়েছে। এখন ওষুধশিল্প উড়াল দেওয়ার পর্যায়ে আছে। ইতিমধ্যে দেশের ১০-১২টি কোম্পানি বিভিন্ন দেশে নিবন্ধন পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে ওষুধের রপ্তানি বাজার ১৭০ বিলিয়ন ডলারের। এর ১০ শতাংশ ধরা গেলে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার হবে।
ওষুধশিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান এপিআই শিল্প পার্কে দ্রুত গ্যাস-সংযোগের দাবি করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান হারুনুর রশিদ, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির উপস্থিত ছিলেন।