ওষুধশিল্পে প্রযুক্তি সহায়তা দিতে চায় রাশিয়া
বাংলাদেশের ওষুধশিল্পের আধুনিকায়নে গবেষণা ও উন্নয়ন খাতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ান ফেডারেশন। একই সঙ্গে ভ্যাকসিন উত্পাদনে প্রযুক্তি হস্তান্তরেরও আগ্রহ জানিয়েছে দেশটি।
বাংলাদেশ সফররত রাশিয়ার একটি বাণিজ্য প্রতিনিধিদল আজ মঙ্গলবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানায়। ১৮ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন রাশিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী জুরি স্লায়োসার।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের রেল যোগাযোগ, সমুদ্রবন্দর উন্নয়ন, বিদ্যুত্ উত্পাদন, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, জাহাজ নির্মাণ ও জাহাজভাঙা শিল্পের আধুনিকায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার বিষয় বিশেষভাবে স্থান পায়।
বৈঠকে রাশিয়ার উপমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও শিল্পায়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশের চলমান শিল্পায়নের ধারা টেকসই করতে উত্পাদিত শিল্পপণ্যের গুণগত মানোন্নয়ন ও মূল্য সংযোজন জরুরি। এ ক্ষেত্রে রাশিয়ান ফেডারেশনের উদ্যোক্তারা দূরপ্রাচ্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশের শিল্পকারখানার সক্ষমতা বৃদ্ধিতে এগিয়ে আসবে। তিনি দ্বিপক্ষীয় শিল্প ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের জন্য বিনিয়োগ ফোরাম গঠনেরও প্রস্তাব করেন।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে রাশিয়ান ফেডারেশন সহায়তা করতে পারে। ভারত ও চীনের পাশাপাশি অবস্থান করায় বাংলাদেশ ধীরে ধীরে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যের তীর্থস্থান হিসেবে গড়ে উঠছে। তিনি এ সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে উপমন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ. নিকোলায়েভসহ প্রতিনিধিদলের অন্য সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।