ওষুধশিল্পের উন্নয়নে সহায়তা দেবে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধশিল্পের উন্নয়ন এবং মেডিকেল বর্জ্য শোধনে বাংলাদেশকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ। বর্তমান সরকার প্রণীত জাতীয় শিল্পনীতি-২০১০-এর দিকনির্দেশনা এ ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করবে।বাংলাদেশ সফররত জাতিসংঘের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল জমো কওয়ামে সুন্দরম গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে অন্যান্যের মধ্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশে পরিবেশবান্ধব শিল্পায়ন, ওষুধশিল্পপণ্যের শুল্কমুক্ত কোটাসুবিধা প্রাপ্তি, ফার্মাসিউটিক্যাল কলেজ স্থাপন, শিল্পবর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বিশেষ করে বাংলাদেশের ওষুধশিল্পের বিকাশ এবং এ ক্ষেত্রে জাতিসংঘের শিল্পবিষয়ক সংস্থা ইউনিডোর সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়।জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের নতুন শিল্পনীতি দেশের শিল্পায়ন কার্যক্রমকে দীর্ঘ মেয়াদে অনেক দূর এগিয়ে নেবে। তিনি জাতীয় শিল্পনীতি-২০১০-এর কৌশলগুলোর প্রশংসা করেন। তিনি দীর্ঘ মেয়াদে শিল্পায়নের জন্য অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলারও পরামর্শ দেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বাংলাদেশে ওষুধশিল্পের প্রসারের লক্ষ্যে দক্ষ ফার্মাসিস্ট তৈরির জন্য জাতিসংঘের সহায়তা কামনা করেন। তিনি টেকসই শিল্প খাত গড়ে তোলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর, কার্বন নির্গমন হ্রাস এবং পরিবেশবান্ধব শিল্প স্থাপনে সহায়তা করার জন্য জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেলের প্রতি আহ্বান জানান। তথ্য বিবরণী।