
ওষুধশিল্পের জন্য এক সুসংবাদ। সুসংবাদটি বাংলাদেশসহ সব স্বল্পোন্নত দেশের (এলডিসি) জন্যই। আর সেটি হচ্ছে আরও ১৭ বছর অর্থাৎ ২০৩৩ সালের জানুয়ারি পর্যন্ত ওষুধশিল্পকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মেধাস্বত্ব-সম্পর্কিত চুক্তির বিধিবিধান মানতে হবে না। এ অব্যাহতির মেয়াদ ছিল এত দিন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সচিবালয়ে গতকাল রোববার ওষুধশিল্প খাতে মেধাস্বত্বে ছাড় পাওয়ার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি (বিএপিআই) নাজমুল হাসান, সাবেক মহাসচিব আবদুল মুক্তাদির, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।
ডব্লিউটিওর যাত্রা শুরুর বছর (১৯৯৫) থেকেই এর সদস্যরাষ্ট্রগুলো বাণিজ্য-সম্পর্কিত মেধাস্বত্ব অধিকার (ট্রিপস) চুক্তি বাস্তবায়নে অঙ্গীকার করে। উন্নত, উন্নয়নশীল ও এলডিসি—এ তিন ভাগে ভাগ করে বাস্তবায়নের জন্য দেশগুলোকে আলাদা সময় দেওয়া হয়। উন্নত ১, উন্নয়নশীল ৫ ও এলডিসিকে ১১ বছর সময় দেওয়া হয় তখন। তিন শ্রেণির দেশই অবশ্য পরে বাড়তি সময় পায়।
কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের উদ্ভাবিত কোনো জ্ঞান, শিল্প বা বিষয়ের ওপর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে স্বত্বাধিকার দেওয়া হয়, সেটাই হচ্ছে মেধাস্বত্ব। মেধাস্বত্ব থেকে মেধার স্বত্বাধিকারী আর্থিক সুবিধা পায়।
কিন্তু স্পর্শকাতর কয়েকটি ধারা এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আর্থিক সক্ষমতার পার্থক্য থাকায় শুরু থেকেই ট্রিপস চুক্তি বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে বিশ্বজুড়ে

সমালোচনা হয়। কারণ, এটা মানতে গেলে দরিদ্র দেশগুলোর ওষুধের উৎপাদন খরচ ও দাম বেড়ে যাবে।
এলডিসিগুলো তাই ট্রিপস কাউন্সিলের কাছে দাবি জানিয়ে আসে যে চুক্তি বাস্তবায়নের সময়সীমা বাড়াতে হবে। দোহা ঘোষণায় ২০১৬ সাল পর্যন্ত সময়সীমা বাড়ানোও হয়। এর মধ্যেও সক্ষম না হওয়ায় এলডিসির দাবি ও দর-কষাকষি চলতেই থাকে। সর্বশেষ ডব্লিউটিও কার্যালয়ে ৬ নভেম্বর অনুষ্ঠিত ট্রিপস কাউন্সিলের সভায় চুক্তি বাস্তবায়নের নতুন সময়সীমা দেওয়া হয় ২০৩৩ সালের জানুয়ারি পর্যন্ত।
এ বিষয়টি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী গতকাল বলেন, ‘অনেকেরই ধারণা ছিল যে নতুন করে পাঁচ বছরের বেশি ছাড় পাওয়া যাবে না। কিন্তু পাওয়া গেল ১৭ বছর। এত লম্বা ছাড় ডব্লিউটিও থেকে আগে কখনোই পাওয়া যায়নি। এর পেছনে এলডিসির সমন্বয়ক হিসেবে বাংলাদেশের অবদানই বেশি।’ ২০৩৩ পর্যন্তই নয়, এরপরও একই ধরনের সুযোগ থাকবে বলে আশাবাদী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২৫০টি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ১৬ কোটি মানুষের দেশের ওষুধের চাহিদার ৯৭ শতাংশ পূরণ করে। এটা কম কথা নয়। আর ৩০টির মতো কোম্পানি ১০৭টি দেশে ওষুধ রপ্তানি করে।
বিএপিআইয়ের সভাপতি নাজমুল হাসান বলেন, ‘কল্পনাও করতে পারিনি যে এত বেশি সময়ের জন্য ছাড় পাব। এটা না হলে বর্তমানে বাজারে যে ওষুধ চার থেকে পাঁচ টাকায় পাওয়া যায়, তা কিনতে হতো ১১০ থেকে ১২০ টাকায়।’
বিএপিআইয়ের সাবেক মহাসচিব আবদুল মুক্তাদির বলেন, বাংলাদেশে বর্তমানে হেপাটাইটিস ‘সি’ রোগীই প্রায় ১০ লাখ। ট্রিপস চুক্তির কারণে ওষুধের দাম বাড়লে তারা কী করতেন।’
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ৫৮১ কোটি টাকার সমান ওষুধ রপ্তানি করেছে। তার আগের অর্থবছরে রপ্তানি ছিল ৫৫৪ কোটি টাকার ওষুধ।